কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন।ইকবালের পরিবারের লোকজন বলছে ইকবাল দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী। সে ঠিকমতো বাসায় আসে না। খাওয়া-দাওয়া করে না। পরিবারের লোকজনের সঙ্গে সব সময় খারাপ আচরণ করেন।
ইকবাল কুমিল্লা মহানগরীর সুজানগর এলাকার নূর আহম্মদ আলমের ছেলে।
যদিও পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারেনি। সিসি টিভি ফুটেজে তাকে কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখে গদা কাঁধে নিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। এতে দেখা যাচ্ছে এক যুবক মসজিদ থেকে কোরআন শরিফ নিয়ে রাস্তার দিকে আসছে। কিছুক্ষণ পর (প্রায় এক ঘণ্টা পর) দেখলাম তার হাতে কোরআন শরিফ নেই। হনুমান ঠাকুরের গদা কাঁধে নিয়ে তিনি ঘোরাঘুরি করছেন। ’যেহেতু সিসিবির টিভি দেখে যুবককে সনাক্ত করা সম্ভব হয়েছে।এখন তার অবস্থান নির্ণয়ের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তাকে আটক করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।
কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মনির আহমেদ বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় নানুয়ার দিঘির উত্তর-পূর্বদিকে সড়কে রাত সোয়া ৩টার দিকে এক যুবক হনুমান ঠাকুরের গদা হাতে নিয়ে ঘোরাঘুরি করছেন।
ওই যুবককে শনাক্ত করা হয়েছে। তিনি যে মণ্ডপে কোরআন শরিফ রেখেছেন সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে। তাকে এখনো গ্রেফতার করা যায়নি। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ’
ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ১৩ অক্টোবর রাত ২টা ১০ মিনিটের দিকে মসজিদ থেকে ওই যুবক কোরআন শরিফ হাতে নিয়ে বের হয়ে আসছেন। এরপর রাত ২টা ১১ মিনিটে তিনি মসজিদ থেকে মূল সড়কে উঠে মন্দিরের দিকে হেঁটে যান।
আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ১২ মিনিটে যুবকটির হাতে কোরআন শরিফ নেই। তিনি এসময় গদা কাঁধে নিয়ে মন্দিরের পাশে পুকুরপাড়ের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এসময় তিনি চারপাশে তাকিয়ে দেখছিলেন কেউ তাকে দেখছে কি-না।
এদিকে সিসিটিভির ফুটেজে সন্দেহভাজন এই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন তার ভাই রায়হান ও মা বিবি আমেনা। তারা দাবি করেছেন, ‘ইকবালের মানসিক প্রতিবন্ধী। সে রাস্তায় রাস্তায় ঘুরে। ঠিকমতো খাওয়া-দাওয়া করে না বাড়িতেও যায় না। কেউ কোনো খাবার দিয়ে তাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন।এলাকার মানুষজন তাকে উত্তপ্ত করলে সে মানুষকে তেড়ে মারত।এমনকি অনেক সময় তাদের প্রতিহত করতে ইট পাথর নিক্ষেপ করেন। তবে পুজোমণ্ডপে প্রাণ রাখার বিষয়টি যদি সে সত্য সত্য করে থাকে। তাহলে এই জঘন্যতম অপরাধের জন্য আমরা চাই তার শাস্তি হোক।
ইকবালের মা বিবি আমেনা বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী।আমরা অনেকবার তার চিকিৎসা করেছি কিন্তু কাজ হয়নি।কিছুদিন আগে এলাকার লোকজনের পাথর নিক্ষেপ করার জন্য কয়েকজন যুবক তাকে ধরে অস্বাভাবিক মারধর করেছে। যে কারণে সে বেশ কয়েকদিন অসুস্থ ছিল বলে তিনি জানান। ছেলে ঠিকমতো বাসায় আসেন না, খাওয়া দাওয়া করে না, লোকজন তাকে খাওয়ার লোভ দেখিয়ে কাজকাম করিয়ে নেয়। তবে সে যদি এ ধরনের কাজ করে থাকে, তার শাস্তি কামনা করছি। তার সাথে যারা এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে। তাদের শাস্তি কামনা করেন ইকবালের মা।
কুমিল্লার দিঘির পাড় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সোহেল বলেন, আমি ১০ বছর ধরে ইকবালকে চিনি।তাকে দেখে মানসিক প্রতিবন্ধী বলে মনে হয় না। তবে খোঁজ খবর নিয়ে জেনেছি। সে মাদকসেবী। মাঝেমধ্যে মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য সে এলাকায় চুরি ছিনতাইয়ের কাজ করতো। এ কারণে এলাকার লোকজন ধরে তাকে মাঝেমধ্যে মারধর ও করতো।