ঝিনাইদহে হতদরিদ্রের ঘর চেয়ারম্যানের বাড়ি

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিনাইদহ সংবাদদাতা:ঝিনাইদহে সরকারের তরফ থেকে বরাদ্দ দেওয়া হত দরিদ্র ও দুস্থদের বরাদ্দের তালিকার ঘর চেয়ারম্যানের বাড়িতে। শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন তার নিজের ভাই ভাতিজাদের নামে এ ঘর বরাদ্দ দিয়ে সমালোচনার মুখে পড়েছেন। ঘর প্রাপ্তরা দুঃস্থ বা হতদরিদ্র নন। রীতিমত প্রভাবশালী এবং বংশ মর্যাদা সম্পন্ন হিসেবে এলাকায় পরিচিত। খোদ চেয়ারম্যানের পৈত্রিক ভিটাই বাহারী রঙের সরকারী ঘর সবার নজর কেড়েছে। এ ধরণের তিনটি সরকারী ঘর তিনি তার নিজের পরিবারের মধ্যে তৈরী করে দিয়েছেন। পথচারিরা এই সরকারী ঘর দেখছেন ও নানা মন্তব্য করছেন।

সরেজমিন দেখা গেছে ২০১৯-২০২০ অর্থ বছরে টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ২টি ও আগের বছরে জমি আছে ঘর নাই প্রকল্পের একটিসহ মোট ৩টি পাকা সরকারি ঘর নির্মিত হয়েছে শৈলকুপার হুদামাইলমারী গ্রামে। ওই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন তার বড় ভাই মৃত আজিবর মন্ডলের ছেলে নজরুল ইসলাম ও শামছুল ইসলাম এবং মেজো ভাই মোকাদ্দেস মন্ডলের ছেলে আমিরুল ইসলামের একটি পাকা ঘর করে দিয়েছেন। আপন ভাই ভাতিজার ভিটেয় সরকারি পাকা ঘর তুলে দেওয়ায় এলাকাজুড়ে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকার মাসুদ রানা নামে এক ব্যক্তি জানান, চেয়ারম্যানের ভাই ভাতিজাদের নামে সরকারি ঘর করে দিলেও ভয়ে কেউ প্রতিবাদ করেনা। গ্রামবাসি ভাষ্য আমিরুলের ছেলে ফিরোজুর রহমান গোপালগঞ্জ জেলায় কর্মরত কৃষিব্যাংকের কর্মকর্তা। তাছাড়া চেয়ারম্যান পরিবারে যথেষ্ট সম্পদ এবং প্রভাব প্রতিপত্তি রয়েছে। শেরপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে নুর ইসলাম চুন্টু অভিযোগ করেন, তিনি প্রকৃত গৃহহীন হলেও একাধিকবার চেষ্টা করেও তিনি ঘর পান নাই। জরাজীর্ণ খুপরিঘরে দীর্ঘদিন বসবাস করছেন।

বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের কাছে হতদরিদ্রের ঘর তার বাড়ির ভাতিজার নামে কিভাবে হয় জানতে চাইলে তিনি বলেন, আমার ভাইপো ভাই ভাতিজি হতদরিদ্র ভিতরে পড়ে। তাই তাদের একটা ঘর দিয়েছি। এটা দোষের কোথায় অন্যদেরও তো দিয়েছি।

শৈলকুপার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন জানান, আমি সবে মাত্র অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। এ ধারণের অনিয়ম ও সেচ্ছাচারিতার কথা আমার জানা নেই। তবে ২ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২টি পাকা ঘর যদি কোন চেয়ারম্যান অবস্থাশালীদের দিয়ে থাকেন তবে সেটা হবে নিন্দনীয় কাজ। তিনি বলেন,ঘরের সুবিধাভোগীর নাম নির্বাচনের এখতিয়ার চেয়ারম্যানদের। এই সুযোগে এমনটি হতে পারে।

হরিণাকুন্ডু উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাইফুল ইসলামের কাছে জানতে কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ প্রকল্পের সভাপতি মাত্র। কিন্তু পুরো প্রকল্প পরিচালনা করে থাকেন স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি  ভূমি কর্মকর্তা। তাই কে কে ঘর পেয়েছে আর কারা ঘর  পাইনি সেটি ভূমি কর্মকর্তা বলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *