তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোর জেলার আটটি উপজেলায় একযুগে ১৪ হাজার ৮১৩টি পুকুর দিঘী উধাও হয়ে গেছে। ফলে এ অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্যের বিপর্যয় ঘটছে।
একশ্রেণীর অর্থলোভী ও ভূমি দস্যুরা মালিকানা ও সরকারি এসব পুকুর দিঘী ও জলাশয় ভরাট করে গড়ে তুলেছে স্থাপনা। আর এসব কাজে সহযোগিতা করছে কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও কর্মচারী।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ২০০০-এ বলা আছে, “অন্য কোনো আইনে যা কিছুই থাকুন না কেন, জলাধার হিসাবে চিহ্নিত জায়গা ভরাট করা যাবে না। পানি সম্পদের উপযোগিতা বৃদ্ধি, অপচয় ও ক্ষয় হ্রাসকরণ, পরিবেশ সংরক্ষণে পুকুর-দিঘী নদী ভরাট করে বা জলধারা বন্ধ করে কোন স্থাপনা তৈরি করা যাবে না। অথচ প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে যশোর জেলায় একের পর পুকুর ভরাট করা হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় পুকুর ভরাট করে গড়ে উঠছে বহুতল ভবন। এসব জলাশয়ের জলাধার ও সবুজ বনায়োন কমে যাওয়ায় মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদের ক্ষতি ও পরিবেশ বিপর্যয় ঘটছে। পাশাপাশি অগ্নিনির্বাপণব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। আইনের ৫ ধারা অনুযায়ী, প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা অন্য কোনোভাবে ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তর বেআইনি। কোনো ব্যক্তি এ বিধান লঙ্ঘন করলে আইনের ৮ ও ১২ ধারা অনুযায়ী পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী, যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ। অথচ হরহামেশাই পৌরসভা সহ জেলা উপজেলা পর্যায়ে এসব পুকুর দীঘি বুঝিয়ে তৈরি হচ্ছে আবাসিক স্থাপনা।

এছাড়া ২০০০ সালের ২২ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন মুখ্যসচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, “কোনো অবস্থাতেই খাল-বিল, নদী-নালা, পুকুর ও প্রাকৃতিক জলাশয়ের স্বাভাবিক গতি ও প্রকৃতি পরিবর্তন করা যাবে না। এমনকি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে খাল-বিল, পুকুর, নালাসহ প্রাকৃতিক জলাশয়ের জলাধার বন্ধ করা যাবে না। এসব খাল, বিল, পুকুর, দিঘি ভরাট করে, ভূগর্ভের পানি নিঃশেষ করে নাগরিক মানুষ ‘উন্নততর’ জীবনযাপন করার ব্যবস্থা করছে। স্বল্পমেয়াদি লাভের আশায় আইন ও অফিস আদেশ অমান্য করে এবং প্রকৃতির শর্তকে অগ্রাহ্য করে হরহামেশাই পৌরসভা সহ জেলা উপজেলা পর্যায়ে এসব পুকুর দীঘি বুঝিয়ে তৈরি হচ্ছে স্থাপনা।
২০১১ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানাচ্ছে, জেলায় পুকুর ছিল ৫৩ হাজার ৯৪২টি। তবে জাতীয় তথ্য বাতায়নে যশোর জেলায় বর্তমান ৩৯ হাজার ১২৯টি পুকুরের সংখ্যা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে যশোর পৌরসভার তথ্য অনুযায়ী, পৌরসভা, জেলা প্রশাসকের ও বেসরকারি মিলে মোট ৩২০ জলাশয় রয়েছে। এর মধ্যে যশোর পৌরসভার ৬টি, জেলা প্রশাসকের ৪০টি এবং বেসরকারি ২৭৪টি পুকুর রয়েছে। তবে যশোর পৌরসভায় কী পরিমাণের সবুজায়ন ও পুকুর আছে; সেই তথ্য দিতে পারেনি।
অনুসন্ধানে জানা গেছে, ইতোমধ্যে পুকুর ভরাট হয়েছে, যশোর হেড পোস্ট অফিসের সামনের পুকুর, যশোর রেলগেট চোর মারা দিঘী, নিরালা সিনেমা হলের পাশের পুকুর, বেজপাড়ার শ্রীধর পুকুর, আরবপুরের বড় জলাশয়, দেশবন্ধু চিত্তরঞ্জন সড়কে ইসমাইল ডাক্তারের পাশের পুকুর, ইসলামী স্কুলের পুকুর, পুরাতন কসবা আবু তালেবের পুকুর, ডা. মোজাম্মেলের পুকুর, মন্টুদের পুকুর, নিরিবিলি পুকুর, রাজুদের পুকুর, মুন্সী বাড়ি পুকুর, আয়নাল খাঁর পুকুর, জব্বার বিহারীর পুকুর, গোহাটা পুকুর, রাজবাড়ী বিদ্যুৎ অফিসের সামনের পুকুর, ষষ্ঠিতলাপাড়ায় ফায়ার সার্ভিস অফিসের সামনের পুকুর, খালধার সড়কের পুকুরসহ শহরের ভিতরে ছড়িয়ে ছিটিয়া থাকা কয়েকশত পুকুর।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের প্রভাষক ডক্টর কে এম দেলোয়ার হোসেন বলেন,একটি অঞ্চলের মানুষের জন্য শহরের ভেতরের পুকুর, দিঘি বা অন্য সব জলাশয় অনেকটা আর্শিবাদের মতো। কিন্তু সাময়িক কিংবা স্বল্পমেয়াদি লাভের তাড়না ও লোভ-লালসায় সেগুলো অর্থাৎ সারাদেশের সব পুকুর, দিঘি ও জলাশয়গুলোকে আমরা যেন একের পর এক গলাটিপে হত্যা করে যাচ্ছি। প্রতিটি স্থানেই বাছ-বিচার না করে কোথাও পরিত্যক্ত, কোথাও নানান স্পর্শকাতর বিষয়ের (যেমন, চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা বা পরিসর বৃদ্ধি করা) দোহাই দিয়ে এবং সে সকল বিষয়কে বড় করে সামনে তুলে ধরে, একের পর এক সব ধরনের পুকুর, দিঘি ও জলাশয় ভরাট করে ফেলা হচ্ছে। কোন পুকুর, দিঘি বা জলাশয় ভরাট করা যাবে, আর কোনটা একেবারেই যাবে না– সে ধরনের কোনো সচেতনতাই যেন আমাদের মধ্যে নেই। ফলে যেন এক অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এ প্রতিযোগিতার রুখতে না পারলে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না।
যশোর সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ শাহিন আহমেদ বলেন, জলাশয় ভরাটের কারণে যশোর শহরের পরিবেশ বিপর্যয় শুরু হয়েছে। প্রতিবছর শুকনো মৌসুমে যশোর শহরে পানির জন্য হাহাকার পড়ে। যশোর অঞ্চলের ৯৫% নলকূপ থেকে পানি উঠা বন্ধ হয়ে যায়। ভূগর্ভস্থ পানির ভান্ডার কম হওয়ায় যত দিন যাচ্ছে এই পানির স্তর নিচে যাচ্ছে। শুকনো মৌসুমে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) বিএম কামাল আহমেদ বলেন, দিন যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসব বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি পানির প্রয়োজন হচ্ছে। এসব পানির প্রয়োজন মেটাতে মানুষ নতুন করে নতুন নতুন গভীর নলকূপ ও ডিপ টিউবওয়েল বসাচ্ছে। ফলে ভূগর্ভস্থের পানির এস্তার নিচে নেমে যাচ্ছে। তাছাড়া শহরের ভিতরে বয়ে চলা ভৈরব নদে পানি না থাকায় ও নলকূপ গুলোতে পানি ওঠা বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা) সভাপতি আজিজুল হক মনি বলেন, এ অঞ্চলে প্রভাবশালীরা পেশীশক্তিকে ব্যবহার করে পুকুর-খাল-নালা-জলাশয় ও নিম্নভূমি দখল এবং ভরাট করছে। সেখানে বহুতল ভবণ নির্মাণ করছে। এই শহর যেনো ইট-পাথরের জঞ্জাল পরিণত হয়েছে। অথচ এসব পুকুর খাল বিল দিঘী ও জলাশয়ের পানি চুঁইয়ে ভূগর্ভস্থ পানির সঙ্গে মেশে। এতে পানির স্তর নিচে নামা রোধ হয়। এ অবস্থাকে রিচার্জ বলা হয়। এই রিচার্জ অব্যাহত রাখতে জলাশয়গুলোকে রক্ষা এখন খুবই প্রয়োজন।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, শহরের ঘরবাড়িগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে, একটা বাড়ি থেকে আর একটা বাড়ির ভিতর দিয়ে দুর্ঘটনা কবলিত বাড়িতে পানি সঞ্চালনের জন্য পাইপলাইন ঢুকানোর মতো পরিবেশ থাকে না। তাছাড়া এলাকার কোথাও পুকুর বা জলাশয়ের ও খুঁজে পাওয়া যায় না। দূর থেকে পানি নিয়ে এসে অথবা ফায়ার সার্ভিসের সংগৃহীত পানি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুতি নিতে নিতে অনেক সময়ে অনেক বড় ক্ষতি হয়ে যায়। এক্ষেত্রে নগর কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব দেয়া উচিত বলে জানান এ কর্মকর্তা।
যশোর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাসুদ উল আলমের কাছে জেলায় দিঘী, পুকুর, জলাশয় ভরাট হওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশ বলেন, শহরের ভিতরে কেউ দীঘি পুকুর জলাশয় ভরাট করে স্থাপনা তৈরি করছে এমন তথ্য আমাদের কাছে নেই। তবে জলাশয় বা পুকুর ভরাটের অভযোগ পেলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।