মণিরামপুর প্রতিনিধি: অহেতুক মোটরসাইকেল দাঁড় করিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ট্রাফিক পুলিশ ও মোটরসাইকেল চালকের মধ্যে বাকবিতণ্ডা ঘটনার এক পর্যায়ে ট্রাফিক পুলিশ মেহেদী হাসান মোটরসাইকেল মনিরুল ইসলাম (৩৫) কে বেধড়ক মারধর করে। এসময় তার সাথে থাকা স্ত্রী তাকে রক্ষা করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি ও গলা ধাক্কা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে সোমবার বিকালে জেলার মনিরামপুর উপজেলার তাহেরপুর রাস্তার মোড়ে
মারধরের শিকার মনিরুল ইসলামকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন। নির্যাতিত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের সামছুল মোড়লের ছেলে। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক।
মনিরুলের স্ত্রী শিউলি বেগম বলেন, সোমবার বিকেলে আমার স্বামীর মোটরসাইকেলে করে আমরা ডাক্তারের কাছে যাচ্ছিলাম। তখন তাহেরপুর চার রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ আমাদের থামায়। তারা কাগজপত্র দেখতে চাইলে আমার স্বামী দেখান। এরপর ড্রাইভিং লাইসেন্স দেখতে চায় তারা। আমার স্বামীর ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা আছে। সেই কাগজ দেখালে পুলিশ আসল কপি চায়। আসলকপি না থাকায় মামলা দেয়। তখন কথাকাটাকাটি হলে সার্জেন্টর সাথে থাকা লোকজন আমার স্বামীকে পেটাতে থাকেন। আমি আমার স্বামীকে রক্ষা করতে গেলে আমাকেও তারা গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর ওরা আমার স্বামীকে মারতে মারতে মাইক্রোবাসে তুলে মণিরামপুর বাজারের দিকে নিয়ে আসে। গাড়ির ভিতরে আমার স্বামীকে তারা মারপিট করতে থাকে। এক পর্যায়ে আহত অবস্থায় আমার স্বামীকে তারা রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় আমার স্বামী মনিরুল ইসলামের কাছে থাকা দুই হাজার টাকা ও তারা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন এ নারী।
মনিরামপুর তাহেরপুর এলাকার স্থানীয়রা জানান, ট্রাফিক সার্জেন্ট প্রতিদিন এলাকায় মোটরসাইকেল আটক ও মামলা করে থাকেন। অভিযান চালানোর সময় একজন সার্জেন্ট ও এক জন ট্রাফিক পুলিশ থাকেন। পুলিশ সাথে করে ৩-৪ জন যুবক নিয়ে আসেন। তারা লাঠি হাতে অভিযানে অংশ নেন। পুলিশের সাথে তারা মোটরসাইকেল চালকদের সাথে খারাপ আচরণ করেন। সোমবারেও ৩-৪ জন যুবক ছিলো। যারা মোটরসাইকেল চালকদের গতি রোধ করেন।গতি রোধ করতে একটু দেরি হলে তারা লাঠি দিয়ে মোটরসাইকেলে বাড়ি দেন। এমনকি চালককে মারধর শুরু করেন। মুহূর্তের মধ্যেই ট্রাফিক সার্জেন্ট পরিচালকের বিরুদ্ধে মামলা লেখা শুরু করেন। এরপর বলেন যশোরে গিয়ে দেখা করতে। যশোরে গেলে আজ না কাল মামলা ভাঙানোর কথা বলে ঘোরাতে থাকে। দু-একদিন ঘোরানোর পর টাকা নিয়ে নিজে মামলা নিষ্পত্তি করে দেন।
বিষয়টি নিয়ে সার্জেন্ট মেহেদী হাসানের মুঠোফোনের সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি মারপিটের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা মোটরসাইকেলটিকে থামানোর নির্দেশ দিলে তিনি মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমাদের সাথে থাকা ভলান্টিয়াররা তাকে জোর করেই মোটরসাইকেল দাঁড় করান। মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় তাকে মামলা দেয়া হয়। মামলা দেয়ার পর ওই যুবক পুলিশকে লক্ষ্য করে গালাগালি করেন। তখন পাশে থাকা বলেন তারা তাকে ওইখান থেকে তাড়িয়ে দেন বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে যশোর ট্রাফিক পুলিশের পরিদর্শক খন্দকার মশিউর রহমানের মুঠোফোনে কয়েকবার সংযোগ দিয়েও তাকে না পাওয়া যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।