তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক : গত বছরের ২৫ শে জুন সকাল দশটায় ‘স্বপ্নের পদ্মা সেতুর’ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর দিন থেকেই সেতুটির ওপর দিয়ে শুরু হয় সকল প্রকার যান চলাচল। এরপর থেকে যশোর-ঢাকার দূরত্ব কমে প্রায় শত কিলোমিটার। একদিকে শত কিলোমিটার রাস্তা কমার স্বস্তি, অন্যদিকে ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষার পালা ও ভোগান্তি শেষ হয়। ঢাকার সাথে স্বল্প সময়ে যোগাযোগের স্থাপন করতে পেরে এ অঞ্চলের মানুষ আবেগ আপ্লুত। বিকশিত হচ্ছে এ অঞ্চলের কৃষি ও নতুন নতুন ক্ষুদ্র ও ভারী শিল্প।
সেতু চালু হওয়ার পরে ঢাকার সঙ্গে যশোরের দূরত্ব দাঁড়ায় ১৬০ কিলোমিটারের মতো। পদ্মা ও নড়াইলের মধুমতি সেতু ব্যবহার করে যশোরের মানুষ যাত্রীবাহী বাসে ও পন্যবাহী ট্রাক ৪-৪.৫ ঘন্টার মধ্যে পৌঁছে যায় রাজধানীতে। এর ফলে যশোরের কৃষি, শিল্প ও পর্যটন খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হতে শুরু করে। সমানভাবে উন্নত সাধিত হয় শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রেও।
ঝিকরগাছার গদখালীর ফুল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ ফুল ঝিকরগাছায় উৎপাদিত হয়। পদ্মা সেতু চালুর ফলে ফুল চাষিও ফুল ব্যবসায়ীদের মাইল ফলক সুবিধা হয়েছে। এখন ঢাকার ব্যবসায়ীরা ফোন করে দিলে এখান থেকে ৪ থেকে সাড়ে চার ঘন্টার মধ্যেই ঢাকায় ফুল পাঠানো সম্ভব হচ্ছে। ফলে একদিকে ফুল নষ্ট হচ্ছে না, অন্যদিকে ফুলের দামও ভালো পাওয়া যাচ্ছে।এক কথায় পদ্মা সেতু এ অঞ্চলের মানুষের অর্থনীতির গতিকে আরও ত্বরান্বিত করেছে। তাছাড়া অন্যান্য উৎপাদিত কৃষি পণ্যও দ্রুত ঢাকা পাঠানো সম্ভব হচ্ছে।
বাংলাদেশ মোটরপার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোরের সভাপতি শাহিনুর হোসেন বলেন, যশোরে প্রায় দুই হাজার মোটর ও মোটরসাইকেল পার্টসের দোকান রয়েছে। এটি বাংলাদেশের বৃহত্তম মার্কেট। যেখানে কমপক্ষে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এখাত থেকে বাংলাদেশ সরকার প্রতিবছরে কয়েকশো কোটি টাকা রাজস্ব পায়। এখান থেকে সারা বাংলাদেশে মোটরস সাপ্লাই দেওয়া হয়। পদ্মা সেতু চালু হল হাওয়ায় এখান থেকে ঢাকাসহ বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে খুব দ্রুত মালামাল পাঠানো সম্ভাব হচ্ছে।
অভয়নগর মাছের ঘের মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান গোলদার বলেন, অভয়নগরে বিশ হাজার মৎস্য চাষী রয়েছে। এসব মৎস্য চাষিরা বছরে ৩০ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন করেন। যার বাজার মূল্য ১০ হাজার কোটি টাকা। যশোরের চাহিদা মিটিয়ে বছরের ২৪ হাজার মেট্রিক টন উৎপাদিত মাছ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। স্বপ্নের পদ্মা সেতু চালুর পর অভয়নগর-ঢাকার দূরত্ব যেমন কমেছে, অন্যদিকে এসব পচনশীল পণ্য দ্রুত ঢাকায় পাঠানো যাচ্ছে। তাছাড়া অভয়নগরে আকিজ ট্যানারি ফ্যাক্টরি, মজুমদার রাইস ওয়েল ব্রান্ড, সাউথ বেঙ্গল ফার্টিলাইজার সহ বেশ কয়েকটা মিল ফ্যাক্টরি রয়েছে। যেগুলোর অধিকাংশ পণ্য ঢাকা আনা নেওয়া করা হয়ে থাকে। পদ্মা সেতু চালুর ফলে অল্প সময়ে এখান থেকে পন্য আনা নেওয়ার ক্ষেত্রে যুগান্তকারী উন্নতি হয়েছে।
যশোর জেলা প্রশাসক তাজুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পদ্মা সেতুর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি, ক্ষুদ্র শিল্প, ভারশিল্প, দুগ্ধ ও মাংস শিল্প বিকশিত হয়েছে। এ অঞ্চলের মানুুষের কাজের ক্ষেত্র অনেক সম্প্রাসারিত হচ্ছে। কৃষি বহুধাকরণ ও শস্যের বৈচিত্র্যকরণ সহজ হচ্ছে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে।