নিজস্ব প্রতিবেদক: চেক জালিয়াতির মাধ্যমে যশোর শিক্ষাবোর্ডের আড়াই কোটি টাকা লুট করেছে একটি জালিয়াতি চক্র।
যশোরের ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং সাতটি ও শাহী লাল স্টোর নামে দুটি প্রতিষ্ঠান ৯টি চেকের মাধ্যমে বোর্ডের ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ১০ টাকা জালিয়াতির মাধ্যমে উত্তোলন করেছে।
তবে খোদ বোর্ডের চেয়ারম্যান এ বিপুল পরিমাণ টাকা জালিয়াতির সাথে যুক্ত রয়েছে বলে দাবি করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
বৃহস্পতিবার দুপুরে (৭ অক্টোবর) বিষয়টি জানতে পেরে কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
যশোর শিক্ষাবোর্ডের অডিট কর্মকর্তা আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০-২১ অর্থবছরের বিভিন্ন মালামাল ক্রয় বাবদ ভ্যাটের ১০ হাজার ৩৬ টাকার ৯টি চেক ইস্যু করা হয়। মুড়ি বাইয়ের চেকের অঙ্কের সঙ্গে ইস্যুকৃত চেকের অঙ্কের মিল নেই। ধারণা করা হচ্ছে বোর্ডের কর্মচারীদের যোগসাজশে ভুয়া চেকের মাধ্যমে এই টাকা আত্মসাৎ করা হয়েছে।
এ বিষয়ে সোনালী ব্যাংক শিক্ষাবোর্ড শাখার ব্যবস্থাপক এসএম শাহিদুর রেজা বলেন, ভেনার্স প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ঢাকার ফকিরাপুল ঠিকানার চেক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যশোর শাখার ক্লিয়ারিং চেকের মাধ্যমে এসব টাকা তুলে নেওয়া হয়েছে।
শিক্ষাবোর্ডের সচিব এএমএইচ আলী রেজা বলেন, কার্যাদেশ অনুযায়ী মালামাল ক্রয় করি। কিন্তু সোনালী ব্যাংক থেকে পরিশোধিত অর্থের বিপরীতে আমাদের নথিতে কোনো বিলভাউচার জমা নেই। ভেনার্স প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর আগে আমাদের কিছু মালামাল দিলেও শাহী লাল স্টোরের সঙ্গে কোনো লেনদেন হয়নি।
বিষয়টি নিয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির সাথে শিক্ষাবোর্ড চেয়ারম্যান সরাসরি জড়িত। সিসিটিভির ফুটেজ দেখেন চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে ভেনার্স প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিকের সঙ্গে বসে এসব বিষয় পরিকল্পনা করেছেন। বিষয়টি অধিকতর তদন্ত করলে আর কে কে এ বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সাথে জড়িত তা বের হয়ে আসবে বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোল্লা আমীর হোসেনের মুঠোফোনের সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার হঠাৎ ব্যাংকের বই মিলনের সময় অর্থ জালিয়াতির বিষয়টি সামনে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জালিয়াতি করে ভুয়া চেকের মাধ্যমে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা থানায় জিডি করেছি। অর্থ আত্মসাতের আপনার নাম আসছে এমন কথা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু একটা ঘটনা ঘটেছে, তাই নানা লোকে নানা ধরনের কথা বলবে। এসব কথার কোন ভিত্তি নেই। বিষয়টি তদন্তের জন্য ইতোমধ্যে ৫ সদস্যর তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত করার পরে বলা যাবে আসলে প্রকৃত দোষী কারা। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।