স্টাফ রিপোর্টার, যশোর:যশোরের দুটি উপজেলায় ভারতীয় ধরনের করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে দুু’টি পৌরসভায় কঠোর লকডাউনের বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি এতথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান। বিজ্ঞপ্তিটি আজ রাত ১২টা ১মিনিট থেকে আগামী ১৬জুন রাত ১২টা পর্যন্ত কার্যকর করা হবে। গতকাল মঙ্গলবার জেলা করোনা কমিটির সভায় এ সিধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা করোনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান।
গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, বিধিনিষেধ চলাকালীন দু’টি পৌরসভায় গণপরিবহণ বন্ধ থাকবে। এছাড়াও যশোর সদর থেকে যশোর-ঝিকরগাছা- বেনাপোল, যশোর-অভনগর রুটে কোন লোকাল গণপরিবহন চলাচল করতে পারবেনা। তবে রোগী পরিবহনকারী এ্যাম্বুলেন্স, জরুরি পণ্য বহনকারী ট্রাক এবং জরুরি সেবা দানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। সকল প্রকার হাইওয়ে রোডে আন্তঃজেলা গণপরিবহন সরকার কর্তৃক আরোপিত চলমান স্বাস্থ্য বিধি প্রতিপালনপূর্বক চলাচল করতে পারবে।
কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় মুদিখানা পণ্যের দোকান, ওষুধের দোকান ব্যতীত সকল ধরণের দোকানপাট, শপিংমল, বিপণীবিতান, পর্যটনস্থল, পার্ক, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
আইন-শৃঙ্খলা ও জরুরি পরিষেবা কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, জ্বালানি, ফায়ার সার্ভিস, স্থলবন্দরসমূহের কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারি ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভুত থাকবে।
খাবারের দোকান ও হোটেল রেস্তোরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে। তবে খাবারের দোকান ও হোটেল রেস্তোরা কেবল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাদ্য সরবরাহ করা যাবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করা যাবে। ঘর থেকে ওজু করে সুন্নত নামাজ পড়ে মসজিদে আসতে হবে। অন্যান্য ধর্মীয় উপসনালয়েও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সমসংখ্যক ব্যক্তি উপসনা করতে পারবে।