সরকার যথাযথ উদ্যোগ না নেওয়ায় দেশে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: সরকার পক্ষ থেকে যথাযথ উদ্যোগ না নেওয়ায় দেশে দিন দিনকরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সভাপতি কমরেড নূরুল হাসান ও সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এক প্রেস রিলিজের মাধ্যমে এ কথা বলেন। তারা বলেন, প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলায় ৭২ হাজার ৭শ’ ৫০ কোটি টাকার খাত ওয়ারি প্রণোদনা ঘোষণা করেছেন। তিনি বক্তব্যের শুরুতে বলেছেন, ডিসেম্বরে চীনের উহানে করোনা শুরুর পর পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু দেশবাসী উদ্বেগ ও শংকার সাথে লক্ষ্য করছে যে, বিদেশ ফেরত মানুষ থেকে শুরু করে চিকিৎসা প্রস্তুতির ক্ষেত্রে দায়দায়িত্ব, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা এবং মন্ত্রীদের অসংলগ্ন বক্তব্য মানুষকে বিভ্রান্ত করেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, জেলায় জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা করা হবে। কিন্তু পরিস্থিতি এমনই যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষার বিষয়টি অন্যতম প্রধান গুরুত্ব দিলেও এখনও জেলা পর্যায়ে দূরে থাক বিভাগীয় পর্যায়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়নি। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন জেলায় করোনা রোগী সনাক্ত হচ্ছে ও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। তিনি ১৪টি পরীক্ষাগারের কথা বললেও প্রকৃত সত্য হলো- মানুষ পরীক্ষা করতে চাইলেও সে সুযোগ পাচ্ছে না। অপরদিকে সাধারণ রোগী সরকারি-বেসরকারি হাসপাতাল ও কিনিকগুলোতে চিকিৎসা সুযোগ থেকে বঞ্চিত। যা মানবেতর পরিস্থিতির জন্ম দিচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খাতে চিকিৎসকদের নিরাপত্তা পরীক্ষার সরঞ্জাম, বিশেষায়িত হসপিটাল, পরীক্ষা গবেষণাগার ও চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে কোন বরাদ্দ ঘোষণা করা হয়নি। যা দুঃখজনক। এক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ১০ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ জরুরি। করোনা চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মিদেও জন্য বিশেষ প্রনোদনা ও বীমা সুবিধা প্রদান করা বাঞ্ছনীয়। করোনা পরিস্থিতি অবসানের প্রশ্নে কোন ধরনের উদাসীনতা ও দায়ীত্বহীনতা কাম্য নয়। এই ঘোষণায় দেশের সর্ববৃহৎ ব্যক্তি উদ্যোগের খাত কৃষিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। তারা লোকসান দিয়ে হলেও দেশকে খাদ্যে স্বর্নিভর করার কৃতিত্ব দেখিয়ে আসছেন। কৃষি খাত বাঁচিয়ে রাখার সাথে এই সুদূরপ্রসারী দুর্যোগ মোকাবেলার প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ। কৃষকের কৃষি উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। অন্যদিকে ফসলের দাম না পেয়ে কৃষক ফসল উপাদনে আগ্রহ হারিয়ে ফেলছে। তাই তাদের জন্যে সহজ শর্তে ঋণ, কৃষি উপকরণ ও ফসলের মূল্যে ভুর্তুকির বিষয় বিশেষ বরাদ্দ বিবেচনা করা জরুরি।
ক্ষুদ্র ও কুটির শিল্পের ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু কৃষি ও ক্ষুদ্র কুটিরশিল্প মিলিয়ে ঘোষণার প্রধান অংশই বরাদ্দ করা উচিত ছিল। অর্থনৈতিক সংকট ও বেকারত্ব মোকাবেলা করার জন্য সরকারি খাতে শিল্প গড়ে তোলা ও ক্ষুদ্র ও কুটিরশিল্প বিকশিত করার বিষয় বিবেচনা করা উচিত ছিল। তা না করে ব্যক্তি মালিকাধীন বৃহৎ পুঁজির মালিকদের জন্য, বরাদ্দের বেশি অংশ ৩০ হাজার কোটি টাকা+ইবিএফ সুবিধা বাড়ানো বাবদ ১২ হাজার ৭’শ ৫০ হাজার কোটি টাকা+ প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম ৫ হাজার কোটি টাকা+রপ্তানি মুখি শিল্প-শ্রমিক কর্মচারীদের বেতন বাবদ ৫ হাজার কোটি টাকা। সর্বমোট= ৫২ হাজার ৭ শত ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
দেশের অসংগঠিত খাত ও কৃষি শ্রমিক ক্ষেতমজুর মিলে জনসংখ্যার ৮৫% এর উপরে। তাদের খাদ্য নিরাপত্তার প্রকৃত দিক নির্দেশনা নেই এবং তাদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ ঘোষণা করা হয়নি। এই বৃহৎ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তায় বিশেষ বরাদ্দ জরুরি। সেটির বিবেচনায় নেওয়া হয়নি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তদের বিষয়টিও বিবেচনায় রাখা হয়নি। তাদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
২৬ মার্চের ভাষণে তিনি কর্মহীনদের খাদ্য পৌছে দেবার যে কর্মসচি ঘোষণা করেছিলেন তা যথাযথভাবে পালন করা হয়নি। ইতিমধ্যে ১০ দিন অতিক্রান্ত হয়েছে। জেলায় জেলায় যে নগদ অর্থ ও চাউল বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য এবং বন্টন ব্যবস্থাও সন্তোষজনক নয়। এখনও পর্যন্ত তাদের তালিকা প্রস্তুত করা হয়নি। অসহায় মানুষের মধ্যে খাদ্যের জন্য হাহাকার বিদ্যমান। ফলে ঘরে থাকার কর্মসূচির শৃঙ্খলা ভেঙে পড়ছে। সামগ্রিক পরিস্থিতি মোকাবেলায় গ্রাম-শহর সর্বজনীন গণকমিটি গঠনের মাধ্যমে চাহিদা নিরূপণ, সুষ্ঠু বন্টন ব্যবস্থা, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতা নিরূপণই একমাত্র পথ। যে কমিটি করোনা প্রতিরোধে কার্যকর ভূমিকাও রাখতে পারবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা সরকার ও দেশবাসীর কাছে বলতে চাই, অচেনা এই করোনা ভাইরাস বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটি মোকাবেলায় বৈশ্বিক উদ্যোগ যেমন বিষয় তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিভাবে কত বিচক্ষণতার সাথে এটা মোকাবেলা করবো। ইতিমধ্যে দেশের মানুষ দল মত নির্বিশেষে এ পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ। জনগণের এই শক্তিকে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে ভূমিকায় আনার জন্য যে কোন ধরণের সংকীর্ণতা পরিহার করুন। বাম গণতান্ত্রিক জোট, বাম রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গের জাতীয় দুর্যোগ ঘোষণার দাবী মেনে নিয়ে অবিলম্বে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল, চিকিৎসক বিশেষজ্ঞ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শ্রেণিপেশার প্রতিনিধিদের নিয়ে জাতীয় সমন্বয় কমিটি গঠনের আহবান জানিয়ে আসছি। মানুষ আশা করেছিল প্রধানমন্ত্রী এরূপ নির্দেশনা দিবেন। আমরা জরুরি ভিত্তিতে এই প্রস্তুাবকে বিবেচনা করে সর্বদলীয় সভা ডাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *