নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় মোতলেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারা জামাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মেয়ে জামাইয়ের হামলার শিকার হন ওই বৃদ্ধ।
নিহত মোতালেব হোসেন একই উপজেলার ইলিশমারি গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মেয়েকে আনতে জামাই বাড়িতে যান মোতালেব হোসেন। সেখানে জামাই আনোয়ার হোসেনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেহগনি গাছের ডাল দিয়ে শ্বশুরের মাথা ফাটিয়ে দেন আনোয়ার।
পরে স্থানীয়দের সহায়তায় মেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম শিকদার বলেন, এখনো পর্যন্ত থানায় কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।