নিজস্ব প্রতিনিধি: যশোরে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় পড়ে গিয়ে ইমরান হোসেন ইমন (২৯) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ই সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোর শহরের জেস্ট টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন ইমন খুলনার তুতপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে। তিনি যশোর শহরতলীর মুড়লী মোড়ের ই-লাইফ কমিউনিকেশন নামের ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সহকর্মী রবিউল ইসলাম জানান, ইমন বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেটের কাজ করছিলেন। এ সময় মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমনের শরীরে কোনো সেফটি সরঞ্জাম ছিল না। বিদ্যুতের খুঁটিতে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সময় কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেফটি সরঞ্জাম ছাড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করানো এক ধরনের অপরাধ।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির সময় ইমরান হোসেন ইমনের অবস্থা আশঙ্কাজনক ছিল। মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, হাসপাতাল থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। নিরাপত্তা সেফটি ছাড়া কর্তৃপক্ষ এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ কিভাবে করাচ্ছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। ইন্টারনেট কোম্পানির কোন ধরনের অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।