ডেস্ক নিউজ: প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটি মহল শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনেই এসব ঘটনা ঘটছে। এমন পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে আছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন।”
তিনি আরও বলেন, পাহাড়ের ওপর থেকে কিছু সশস্ত্র ব্যক্তি গুলি চালিয়েছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।
দুর্গাপূজা নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের বড় ধর্মীয় উৎসব চলছে। এই সময়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে বা রাস্তা বন্ধ না করে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করতে হবে।”
পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে তিনি জানান, তাদের অধিকাংশকেই ইতোমধ্যে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।