স্টাফ রিপোর্টার: যশোরে গৃহে চুরির ঘটনায় নারীসহ চার চোর স্বর্ণালংকার মালামালসহ আটক হয়েছে।
গতকাল (১১ই জানুয়ারী) বৃহস্পতিবার রাতে যশোর শহরতলীর পুলেরহাট, চাচড়া এলাকায় অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা এ চুরিকৃত মালামাল সহ তাদেরকে আটক করেন। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে দু’টি মোবাইল ফোন, দু’টি ঘড়ি, ১ টা ল্যাপটপ, আয়রন, কাপড় চোপড় এবং চৌধুরী টাওয়ারের মর্জিনা জুয়েলার্স থেকে ২ ভরি ৯ আনা, ৫ রতি ৩ পয়েন্ট স্বর্ণালংকার।
আটককৃতরা হলেন, যশোর চাঁচুড়া বেড়বাড়ি এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে রাকীন হোসেন (১৯), যশোর পুলেরহাট তফসীডাঙ্গা এলাকার ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন (৩০), যশোর চৌগাছা সিরাজসিংগা এলাকা আসাদুজ্জামানের মেয়ে ও রবিউল ইসলাম রবির স্ত্রী মহনা ওরফে রচনা (২০)। তারা চাচড়া রায়পাড়া শুকুর আলীর বাসার ভাড়াটিয়া, যশোর নাজির শংকরপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে ফিরোজ হোসেন (২৪)। ফিরোজের একটা সোনার দোকানও রয়েছে।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার বলেন, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে যশোর শহরতলীর খোলাডাঙ্গা মহিবুর বাসা থেকে বাসার তালা ভেঙে চোরেরা ৫ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল, ঘড়ি, কাপড়, নগদ টাকাসহ মোট ৮ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মহিবুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনা ছাড়াও যশোর শহর ও আশপাশে একাধিক চুরির ঘটনার তদন্তে নামে ডিবি’র এলআইসি টিম। একপর্যায়ে এলআইসি টিমের এসআই মফিজুল ইসলাম একটি টিম নিয়ে বৃহস্পতিবার রাতে পুলেরহাট, চাচড়া এলাকায় অভিযান চুরি হওয়া এসব মালামালসহ ৪ চোরকে আটক করতে সক্ষম হয়। তাদেরকে আদালত হস্তান্তর করা হয়েছে।