স্টাফ রিপোর্টার: যশোরের ব্যস্ততম এলাকা আর এন রোডে মোটর পার্টস মার্কেটের সামনে থেকে সঙ্ঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের না ধরে, শামীম হোসেন (২২) নামে এক মাদক সেবনকারীরকে আটক করেছে যশোর সদর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জসিম উদ্দিন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর আর এন রোডের ঢাকা ব্যাংকের সামনে। ওই যুবক রূপদিয়া চাউলিয়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

তবে পুলিশ দাবি করেছে, ওই যুবকের প্যান্টের পকেটে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তবে আটক শামীম হোসেন বলছে সে একজন নয়া মাদক সেবনকারী। যশোর আর এন রোড এলাকায় আসলে মাদক ব্যবসায়ীরা তার পকেটের ভিতরে ১০ পিস ইয়াবা ট্যাবলেট দিয়ে তাকে আটক করেন। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হ্যান্ডকাপ পরান।
আটক শামীম হোসেন জানান, মাদক ব্যবসায়ীদের সঙ্গে এর আগে মাদক গ্রহণের কারণে তার সাথে পরিচয় আছে। বৃহস্পতিবার বিকালে সার্টিফিকেট নিয়ে আর এন রোড এলাকায় এসেছিলাম একটা চাকরির বিষয়। কাজ শেষে আর এন রোডের ঢাকা ব্যাংকের সামনে মাদক ব্যবসার সঙ্গে দেখা হয়। তাদের মধ্যে একজন আমার পকেটে একটা কাগজের টুকরা ঢুকিয়ে দেয়। সাথে সাথে আমাকে পুলিশ এসে ধরে। এ সময় ৪মাদক ব্যবসায়ী আমার পাশেই ছিল। কিন্তু পুলিশ অজ্ঞাত কারণে তাদের কিছুই বললো না।
এ সময় আশেপাশে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, দেখলাম ছেলেটি দাঁড়িয়ে আছে মার্কেটের সামনে। মিনিট দু’য়েক পরে দেখলাম কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার কাছে গেল। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেল। এরপর হইচই শুরু হলো, জানতে পারি তার কাছে নাকি ইয়াবা পাওয়া গেছে। কিন্তু বিষয়টি রহস্যজনক। যে ছেলেটিকে ধরল তার পাশেই মাদক ব্যবসায়ীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তাদের পুলিশ কিছুই বলছে না। অথচ ওই ছেলেটিকে হাতকড়া পরানো হল। বিষয়টি স্থানীয়রা দেখে অনেকে প্রতিবাদ করতে গিয়েছিল কিন্তু পরে আর সাহস পায়নি। কিছু সময় পর হাতকড়া পরিয়ে ছেলেটিকে নিয়ে চলে গেল পুলিশ। ছেলেটির কাছে ইউনিয়ন কাউন্সিলের সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড ও একাডেমিক সার্টিফিকেট ছিল। সাথে কাগজপত্র দেখেই বোঝা যাচ্ছে ছেলেটি এখানে চাকরির জন্য এসেছে।

বিষয়টি নিয়ে যশোর সদর পুলিশ ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক জসীমউদ্দীনের কাছে মাদক ব্যবসায়ীকে আটক না করে শুধুমাত্র মাদকসেবনকারীকে কেন আটক করা হল জানতে চাইলে, তিনি বলেন শামীমকে আটক করতে যারা আমাদের সহযোগিতা করেছে, তারা আমাদের সোর্স। সে কারণে তারা আমাদের পাশে থাকলেও তাদেরকে আমরা আটক করিনি। তবে তিনি তাদেরকে মাদক ব্যবসায়ী বলতে নারাজ।
বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের কাছে জানতে চাইলে, তিনি বলেন আমি বিষয়টি জানি না। তবে পুলিশের কোন সদস্য অনৈতিকভাবে যদি কাউকে আটক করে থাকে, তবে তার বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।