তরিকুল ইসলাম মিঠু যশোর প্রতিবেদক: এ যেন পাগলা ঘোড়াকেউ হার মানাবে। গত ১৫ দিনে দফায় দফায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের অন্যতম ২৫ টাকার আলু বাজারে দাম বেড়ে ৫০ টাকায় ঠেকেছে।
বুধবার ও বৃহস্পতিবার যশোর বড় বাজার, রেল স্টেশন বাজার, নিউমার্কেট বাজারসহ যশোরের খুচরা পর্যায়ের বাজারে গিয়ে দেখা যায়, বাজারে পর্যাপ্ত আলুর সরবরাহ রয়েছে। প্রতি দোকানে আলু কোয়ালিটি ভেদে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা।
জানতে চাইলে খুচরা ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, তারা যশোর বড়বাজার আলুপট্টি থেকে কেজিপ্রতি ৪০- থেকে ৪১ টাকা করে কিনে নিয়ে এসেছি। খুচরা পর্যায়ে তারা বিক্রি করছে ৪৫ থেকে ৫০ টাকা। একই ধরনের তথ্য জানান খুচরা ব্যবসায়ী আব্দুর রহিম, সালাম, মমিনসহ অনেকে।
বড়বাজারের যশোর এজেন্সির মালিক আব্দুল মান্নান বলেন, আমরা বিভিন্ন কোল্ডস্টোর থেকে ব্যবসায়ীদের কাছ থেকে ৪০ টাকা দরে ক্রয় করেছি । সেই আলু ৪১ থেকে সাড়ে ৪১ টাকা দরে বিক্রয় করেছি। এখানে আড়ৎদারদের কোন কারচুপি নেই। তবে কোল্ডস্টোরে যারা আলু সংরক্ষণ করেন আলুর দাম তারাই বাড়িয়ে থাকে।
অনুসন্ধানে জানা গেছে, এসব আলুর বাজার ঊর্ধ্বগতির মূলে রয়েছে যশোরের ৭ আলু ব্যবসায়ী। এসব ব্যবসায়ীরা যশোর অঞ্চলের বারটি কোল্ডস্টোরেজে মধ্যে সচল ১০টি কোল্ড স্টোরেজে আলুর মৌসুমের আগেই তারা চুক্তিবদ্ধ করে রাখেন। ফলে সাধারণ কৃষকরা আলু কোল্ডস্টোরেজ করার সুযোগ পান না। এসব মজুদদার ব্যবসায়ীরা আলুর মৌসুমে কেজি প্রতি ১১ থেকে ১৪ টাকা দরে আলু ক্রয় করে কোল্ড স্টোরগুলোতে বিভিন্ন ব্যক্তির নামে এসব আলু সংরক্ষণ করেন। এরপর নওগাঁও বগুড়ার একটি ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে সমন্বয় করে যশোর অঞ্চলের আলুর বাজার নিয়ন্ত্রণ করে থাকেন। এসব ব্যবসায়ীদের মধ্যে যশোর কোল্ড স্টোরেজের মালিক সানোয়ার হাজী, আলু চাষি সমিতি ও ব্যবসায় সমিতির সভাপতি সঞ্জীবন ভদ্র, ঝিনাইদহের মহেশপুর এলাকার সুশান্ত, বড়বাজারের শিহাব (যিনি বড়বাজারে একটি পুরি-সিঙ্গাড়া বিক্রি করেন)। যশোর ঝিকরগাছা গদখালী এলাকার আব্দুল হালিম- যিনি একজন ওষুধ ফার্মেসীর দোকানদার, একই এলাকার আলম খান, জেলার মনিরামপুর উপজেলার ইউসুফ আলী ও জেলার চৌগাছা উপজেলার শিল্পপতি রায়হান সাহেব এই অঞ্চলের আলুর বাজার নিয়ন্ত্রণ করে থাকেন। এছাড়া আরো কিছু ব্যবসায়ী আলু সংরক্ষণ করেন। তাদের মধ্যে মনিরামপুরের নাসির উদ্দিন, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন উল্লেখযোগ্য।
এসব ব্যবসায়ীদের মধ্যে যশোর কোল্ড স্টোরেজের মালিক সানোয়ার হাজীর যশোর সেনা কল্যাণ কোলেস্টোরেজে বিশ হাজার বস্তা আলু রয়েছে, এ বছরে আলু সংরক্ষণের পরে তিনি এখনো পর্যন্ত স্টোর থেকে এক বস্তা আলুও বের করে বিক্রি করেনি। সঞ্জীবন ভদ্রের সেনা কল্যাণ, গদখালী, রাজাহাট, কালীগঞ্জের ফারইস্টসহ বিভিন্ন কোলেস্টোরেজে রয়েছে ১ লাখ বস্তার অধিক আলু, বড়বাজারের শিহাবের যশোর সেনা কল্যাণ কোল্ড স্টোরেজে ৫৭০০ বস্তাসহ রাজারহাট ও ঝিকরগাছা মিলে আরো ৫০০০ বস্তা আলু রয়েছে, ঝিকরগাছা গদখালী এলাকার আব্দুল হালিমের সেনা কল্যাণ ও গদখালী কোল্ডেস্টোরে মিলে রয়েছে ৩৫ হাজার বস্তা, একই এলাকার আলম খানের গদখালী কোল্ড স্টোরে রয়েছে পাঁচ হাজারসহ নাভারন ও যশোরে মিলে ৩৫ হাজার বস্তা আলু রয়েছে, জেলার মনিরামপুর উপজেলার ইউসুফ আলীর সেনা কল্যাণ কোল্ড স্টোরে রয়েছে পাঁচ হাজার বস্তা ও জেলার চৌগাছা উপজেলার শিল্পপতি রায়হানের দু’টি কোলেস্টোরে রয়েছে ৫০ হাজার বস্তা আলু। বস্তুতপক্ষে এ শিল্পপতির দু’টি কোলেস্টোরে আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা দুই লাখ বস্তার অধিক। এসব ব্যবসায়ীরা প্রতিদিন বাংলাদেশের সব থেকে বেশি আলু উৎপাদনের স্থান ঠাকুরগায়ের বড় ব্যবসায়ী রাওরাও হিমদ্রা কোল্ড স্টোরের মালিক ও সেলিম, রমজান আজিজ, খাদিমুল, শামীম অটো চক্রের সদস্যের মুঠোফোনে মেসেজ দিয়ে বাজারে আলুর দাম নির্ধারণ করে থাকেন।
যশোর টাওয়ার কোল্ড স্টোরের ম্যানেজার আখতারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোল্ড স্টোরে এক লাখ ৫৮ হাজার বস্তা আলু ছিল। ইতিমধ্যে কিছু আলু বের হয়েছে। এখনো কোল্ড স্টোরটিতে ৯০ হাজার বস্তার মত আলু রয়েছে। তার মধ্যে সানোয়ার হাজীর রয়েছে প্রায় ২০ হাজার বস্তা।
যশোর রজনীগন্ধা কোল্ড স্টোরেজের ম্যানেজার সাইদুর রহমান শামীম বলেন, আমাদের স্টোরে ৮৮ হাজার বস্তা আলু ছিলো। সামান্য কিছু আলু বের হয়েছে। এখনো স্টোরটিতে ৫৭ হাজার বস্তা আলু রয়েছে। বাজারে যে আলুর দাম তাতে আমাদেরই আলু কিনে খেতে ভাবতে হচ্ছে। তবে বুঝিনা ব্যবসায়ীরা আর কত টাকা দাম বৃদ্ধি হলে স্টোর থেকে আলু বের করবে বলে তিনি আক্ষেপ করেন।
যশোর কোল্ড স্টোরেজের মালিক সানোয়ার হাজীর মুঠোফোনের সংযোগ দিয়ে যশোর সেনা কল্যাণ কোল্ড স্টোরে বিশ হাজার বস্তা আলু থাকা সত্ত্বেও বাজারে আলু না ছাড়ার বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন আমি এখন ব্যস্ত আছি। আপনি পরে ফোন দেন। পরবর্তীতে বারবার তাকে ফোন দিলেও তিনি তার ফোনটা রিসিভ করেননি।
যশোর অঞ্চলে আলুর বাজার নিয়ন্ত্রণের বিষয়ে আলু চাষি সমিতি ও ব্যবসায় সমিতির সভাপতি সঞ্জীবন ভদ্রের মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি আলু নিয়ন্ত্রণের বিষয়টি স্বীকার করে বলেন, এসব আলু দৃশ্যমান আমাদের হলেও আমরা প্রকৃতপক্ষে এসব আলুর এজেন্ট। বিভিন্ন লোকজন আমাদের মাধ্যমে কোল্ড স্টোর গুলোতে রেখে থাকেন। বিনিময়ে আমরা কোলেস্টোর ও আলুর মূল মালিকদের কাছ থেকে একটা কমিশন পেয়ে থাকি। তবে আলুর প্রকৃত মালিক কারা সে বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগটি বিছিন্ন করে দেন।
যশোর ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা তামান্না তাসনিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে কয়েকটা কোল্ড স্টোরে ভিজিট করেছি। বড় মজুমদারদের সনাক্তের চেষ্টা চলছে। এরপর ব্যবস্থা গ্রহন করা হবে।
কৃষি বিপণনের যশোর কর্মকর্তা কর্মকর্তা রবিউল ইসলামের মুঠোফোনে সংযোগ দিয়ে আলুর বাজারের সার্বিক পরিস্থিতি জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশ বলেন, সরকার বাজারে আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে কেউ অতিরিক্ত দামে আলু ও পেঁয়াজ বিক্রি করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোক্তা অধিদপ্তর যশোরের কর্মকর্তা তামান্না তাসনিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান অব্যাহত রেখেছি। কোন সুনির্দিষ্ট তথ্য থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আলু দাম বাড়ার বিষয় বাজার বিপন্নন কর্মকর্তা ও ভোক্তা অধিদপ্তর কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরই আলু মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।