সাপের কামড়ে মেয়ের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছার পল্লিতে একই পরিবারের দুজনকে সাপে কামড় দেওয়ার খবর পাওয়া গেছে।

এতে সুমাইয়া খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং তার মা খাদিজা খাতুন (৩২) গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খাদিজার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকাল ৭টার দিকে সুমাইয়ার মৃত্যু হয়। বুধবার গভীর রাতে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সুমাইয়া খাতুন বাঁকড়া মাঠপাড়া গ্রামের ইমদাদুল হকের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

সুমায়ার নানি ফুলমতি বেগম জানিয়েছেন, বুধবার রাত ১টার দিকে সুমাইয়া খাতুন ও তার মা ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। তার বাবা ও ছোট ভাই ছিল খাটের উপরে। ওই সময় একটি সাপ এসে প্রথমে সুমাইয়াকে দংশন করে। এরপর তার মা খাদিজাকে দংশন করার পর খাটের উপর ঘুমিয়ে থাকা ইমদাদুল ও তার ছোট বাচ্চাকে দংশানোর প্রস্তুতি নেয়। তখন জেগে ওঠে খাদিজা খাতুন সাপটিকে মারার চেষ্টা করেন; কিন্তু সাপের বিষের যন্ত্রণায় তিনি মারতে পারেননি। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে সাপটি মেরে ফেলেন।  সুমাইয়া ও তার মাকে উদ্ধার করে ভোর ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সুমাইয়ার মৃত্যু হয়। তার মা খাদিজা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, মৃত সাপের ছবি দেখে বোঝা যাচ্ছে এটি কালাচ সাপ। সাপের দংশনে শিশুটি মারা গেছে। তার মাকে এন্টিভেনম ইনজেকশন দেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *