শরীফ ওসমান হাদি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর
নিজস্ব প্রতিবেদক:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে যশোরে বিশাল স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেছেন, শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায়, দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এই মহানায়ককে হত্যা করে এদেশের মানুষের মুক্তির সংগ্রাম স্তব্ধ করা যাবে না।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই: স্মরণ সভায় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর বলেন, “ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির নানা পাঁয়তারা করছে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই শহীদ হাদিকে জীবন দিতে হয়েছে। কিন্তু হাদি মরে যাননি, তিনি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার রক্তের কসম খেয়ে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাব।”
বক্তাদের হুঁশিয়ারি: সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, “শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক যোদ্ধা। এক হাদিকে হত্যা করে লাখ লাখ হাদিকে দমিয়ে রাখা যাবে না। আমরা প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
গণতন্ত্রের ওপর আঘাত: যশোর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, “শরীফ ওসমান হাদির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও প্রতিবাদী ভূমিকা সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং এটি দেশের ন্যায়বিচার ও গণতন্ত্রের ওপর চরম আঘাত।”
স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা অফিস সেক্রেটারি নূরে আলী আল মামুন ও শহর সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।
দোয়া ও মোনাজাত: সভার শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান