রাজশাহী সীমান্তে বিএসএফের নির্যাতনে চার জেলে হাসপাতালে

নিউজটি শেয়ার লাইক দিন

রাজশাহী সংবাদদাতা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাজশাহী সীমান্ত থেকে চার জেলেকে ধরে নিয়ে নির্যাতন চালিয়েছে । বুধবার ভোরে পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে ধরে নিয়ে নির্যাতন চালায়। পরে শুন্য রেখা বরাবর ফেলে রেখে যায়। অন্যান্য জেলেরা মাছ ধরার সময় ঠিক পেয়ে তাদের উদ্ধার করে বুধবার রাতে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। তারা হলেন- রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামের মৃত জকিমুদ্দিনের ছেলে মো. আলম, আলমের ছেলে আনোয়ার, সাইদুর রহমানের ছেলে সিফাত এবং কসবা গ্রামের জুল্লুর ছেলে সোনারুল।

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, বুধবার ভোরে একটি নৌকা সহ চার জেলেকে পদ্মা নদী থেকে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফ ক্যাম্পে নিয়ে এসব জেলেদের দৈহিক নির্যাতন করেন । এরপর সন্ধ্যারাতে ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী স্থানে ফেলে রেখে যায়। অন্যান্য জেলেরা তাদেরকে উদ্ধার করে বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের কে জানানো হয়েছে। বিজিবি সদস্যরা জানিয়েছে তারা লিখিতভাবে বিষয়টি প্রতিবাদ করবেন। তবে এখনো পর্যন্ত এর কোন প্রতিক্রিয়া দেখা যায়নি বলে তিনি জানান।

জেলেদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, “মোট তিনটি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে একটি নৌকায় করে জেলেদের পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু ভালো দুটি নৌকা বিএসএফ দেয়নি।”

চেয়ারম্যান বলেন, “জেলেরা এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা দুটি তৈরি করেছিল। একেকটি নৌকার দাম লাখ টাকা। নৌকা দুটি ফেরত পেলে ভালো হয়।”

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশ সীমান্ত থেকে চার জেলেকে আটক করে ভারতীয় সীমান্তে নিয়ে গিয়ে তাদের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে এর প্রতিবাদ জানানো হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *