নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের গণবিক্ষোভের মুখে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর জীবন বাঁচাতে তিনি ভারতে পালিয়ে যান । শেখ হাসিনা সরকার ক্ষমতা ধরে রাখতে দলীয় ক্যাডারদের কাজে লাগিয়ে ও পুলিশকে নিজেদের রক্ষার্থে কাজে লাগিয়ে দেশের জনমানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিলো। যে কারণে ছাত্র-জনতার কিছু দুষ্কৃতকারী থানা হামলা করে পুলিশের উপর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। ভয়ে জীবন বাঁচাতে আত্মগোপনে যান পুলিশ সদস্যরা এরপরই বিক্ষুব্ধ জনতার হামলায় ভেঙ্গে পড়ে থানার সার্বিক কার্যক্রম।
আত্মগোপনে থেকে পুলিশ সদস্যদের কিছু অংশ নানা বিষয়ে দাবি তুলে ধরেন।
শুক্রবার সকাল থেকে ঢাকাতে সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করে। এরপর সারা দেশের ন্যায় যশোরের নয়টি থানায় পুলিশ সদস্যরা কার্যক্রম শুরু করে। থানাগুলো হল, যশোর কোতোয়ালি মডেল থানা, জিকরগাছা, বাঘারপাড়া, চৌগাছা, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর শার্শা ও বেনাপোল।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন আগেও আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। আমাদের অনেক পুলিশ সদস্যদের মৃত্যু হয়েছে। অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আমরা অনেক ভুল করেছি। মানুষের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে আমরা জনগণের সেবক। জনগণই আমাদের মূল। জনতা থানায় আসুন। তাদের সেবার জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন,, নাভারণ সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানকে সঙ্গে নিয়ে সকাল থেকে মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশ সর্বদা নিয়োজিত থাকবে। এখন থেকে যেকোনো সমস্যা নিয়ে মানুষ থানায় আসলে তাদেরকে সেবা প্রদানে পুলিশ প্রস্তুত রয়েছে।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) বেলাল হোসাইন বলেন, যশোরের নয়টি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভিতরে ভয়-ভীতি রয়েছে। তারপরও মানুষের জান-মালের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।
যশোরে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাসুম বলেন, আমাদের আন্দোলনের পরে শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পরপরই বিক্ষুব্ধ জনতা কিছু থানায় হামলা করে এবং কিছু পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে। খবর ছড়িয়ে পড়লে সারা দেশের পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা ছেড়ে পালিয়ে যায়। ফলে চার দিন ধরে যশোরসহ সারা বাংলাদেশের থানায় পুলিশ শুন্য রয়েছে। আমরা আমাদের সাধ্যমত দেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করেছি। পুলিশ তাদের ভুল শুধরে থানায় যোগদান করে তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করবেন। তাছাড়া পুলিশ যদি মনে করেন শিক্ষার্থীদের ভলেন্টিয়ার টিম প্রয়োজন। তাহলে আমরা পুলিশ সদস্যদের ভয় ভাঙতে শিক্ষার্থীদের একটি টিম দেব।