স্টাফ রিপোর্টার: ৩০ লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীন দেশে মানুষ ন্যায়বিচার প্রত্যাশা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের ন্যায্য বিচার পাওয়ার জন্য স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছেন। তাই দেশকে এগিয়ে নিতে বিচার বিভাগকে আরো গতিশীল করতে হবে।
শনিবার (৫ আগস্ট) সকালে যশোর জেলা জজ আদালত চত্বরে ভিসার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি,যশোর আদালতে ২০ বছরের অধিক পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির ও নির্দেশ দেন । ত্রিশ লক্ষ মানুষ রক্তের বিনিময়ে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তাদের রক্তের দিকে তাকিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বিচার বিভাগকে গতিশীল করতে হবে। মানুষ যদি বছরের পর বছর আদালতের বারান্দায় ঘোরে, যদি ন্যায়বিচার না পায়, তাহলে ওই ব্যক্তি যদি বলে এদেশে বিচার-আচার নাই, সেটা অন্যায় হবে না।
মামলার জট প্রসঙ্গে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, যশোর আদালতে ২০ বছরের বেশি সময় পার হয়ে গেছে এমন মামলা পেন্ডিং আছে। এর জন্য দায়ী কে। আমি মনে করি বিচারক ও আইনজীবী দুজনই দায়ী। আর কিছুটা দায়ী হতে পারে প্রসেস। সেবাপ্রার্থীরা আমাদের বাবা, চাচা না হয় খালু। তাদের কষ্টের কথা ভেবে শুরু থেকে শেষ পর্যন্ত সহজেই মামলা ডিসপোজাল হয়, সেই চেষ্টা করুন। আমরা আদালতের বারান্দা থেকে যদি একদিন আগেও কষ্ট থেকে মুক্তি দিতে পারি, তবে তিনি স্বস্তি পাবেন। এটা কারও একার পক্ষে সম্ভব নয়। একে অপরকে সহযোগিতা করতে হবে।
আইনজীবীও বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, কিছু আইনজীবীর ও কিছু বিচারকদের অবহেলার কারণে বিচার প্রত্যাশীরা সঠিক সময়ে সঠিক বিচার পায় না। তারা বছরের পর বছর আদালত চত্বরে ঘুরতে থাকে। এসব মানুষের প্রকৃত সেবা দিতে হলে আইনজীবী ও বিচারকদের সবারই নিরলস ভাবে কাজ করতে হবে। আইনজীবী ও বিচারকরা সততার সাথে কাজ করলে বিচার প্রত্যাশীরা সঠিক সময়ে ন্যায় বিচার পাবে।