নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ভারত বাস্তবতা যত দ্রুত মেনে নেবে, তত দ্রুত সম্পর্ক সহজ হবে।
তবে সীমান্তে গুলি আর মেনে নেওয়া হবে না। আর সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলে, সেটা মানুষ মেনে নেবে না। আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায়, সেটাও মানুষ গ্রহণ করবে না। আমরা সংস্কারও চাই, আবার নির্বাচনও চাই।
শুক্রবার (২৪ই জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘সীমান্ত হত্যা বন্ধ, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট ও নতুন করে আরোপিত ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্র্বতী সরকারকে আমরা সময় দিতে রাজি। কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিত্যপণ্যের দাম কমাতে হবে। সিন্ডিকেটের চাঁদাবাজি বন্ধ করে ওএমএসের চাল ভর্তুকি মূল্যে দিতে হবে। পাশাপাশি দেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যুতের দাম ন্যায় সঙ্গত হয়েছে কি না তা দেখার জন্য কমিটি হয়েছে। কিন্তু কমিটি রিপোর্ট প্রকাশ করছে না। আগের সরকারের মতো আবারও বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত চলছে। এ সময় সংস্কারের কোনো প্রভাব দেশের মানুষ দেখতে পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, সংস্কার এবং নির্বাচন নিয়ে একটি মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে। আমরা মনে করি, সংস্কার এবং নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার, আবার সংস্কার শেষ করে নির্বাচন দরকার।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোন পথে যাবে, এই সরকারের কাছে বিরাট এক দায়িত্ব। বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট শাসন কায়েম হতে না পারে, ফ্যাসিস্টের পলায়নের সঙ্গে সঙ্গে ফ্যাসিস্ট ব্যবস্থাকে আমরা যেন বিদায় জানাতে পারি, তার জন্য মানুষ রক্ত দিয়েছে। সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সকলের মধ্যে ঐক্য রক্ষা করতে হবে।
এসময়ে বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।