যশোরে হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিত, প্রতিবাদে কর্মবিরতি

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় অভিযুক্ত চৌগাছা পৌরসভার বিশ্বাসপাড়ার বাসিন্দা একতেয়ার উদ্দিনকে গ্রেফতার করেছে।

সোমবার রাতে এক রোগীর স্বজন কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনায় মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও সেবাদানকারীরা এই কর্মসূচি পালন করেন। সকাল থেকে ‘নিরাপদ কর্মস্থলের’ দাবিতে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত কর্মবিরতি এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে মানববন্ধন করেন তারা। এ সময় শুধু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চালু রাখা হয়।

মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি, ডা. সুরাইয়া পারভীন, ডা. আকিব হোসেন, ডা. ইয়াসির আরাফাতসহ হাসপাতালে কর্মরত সব চিকিৎসক, পুরুষ ও নারী সেবাদানকারী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

খবর পেয়ে যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস হাসপাতালে এসে চিকিৎসক এবং অন্য সেবাদানকারীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর চিকিৎসক ও সেবাদানকারীরা কাজে যোগ দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেছেন, সোমবার রাত ৯টার দিকে এক শিশুরোগীকে চিকিৎসা দেওয়ার সময় জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আশরাফুন্নাহারকে থাপ্পড় মারেন ওই রোগীর বাবা। ওই সময় হাসপাতালের স্বেচ্ছাসেবী ফাহিমকেও মারপিট করেন। জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. বিএম শামসুজ্জামান সোহাগ পরিস্থিতি শান্ত করতে গেলে তার বুকে লাথি মারেন এবং একটি বাইসাইকেল ছুড়ে মারেন। এ ছাড়া অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি দিয়ে চলে যায় তিনি।

ডা. লুৎফুন্নাহার বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা চাই আমাদের কর্মস্থল নিরাপদ হোক।’ তিনি জানান, বিষয়টি রাতেই চৌগাছা থানায় জানানো হয়। এ ঘটনায় ডা. শামসুজ্জামান সোহাগ মঙ্গলবার চৌগাছা থানায় মামলা করেছেন।’

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘কোনও স্বাস্থ্যকর্মী কোনও অন্যায় করে থাকলে আমাদের কাছে অভিযোগ করতেন। আমরা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নিতাম। কোনও সরকারি কর্মচারীর গায়ে হাত তোলার অধিকার কারও নেই। এ বিষয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী মামলার বিষয় নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *