তরিকুল ইসলাম মিঠু,যশোর: খুলনার আইডিয়াল ইলেকট্রিক এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ছাদ ঢালায়ের সময়ে ছাদ ধসে পড়ে ১০জন নির্মাণ শ্রমিক আহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ শে জুন) বেলা বারোটার দিকে যশোর ধর্মতলায় ব্রাক অফিসের বিপরীত পার্শ্বে ওজোডিকো লিমিটেডের সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্পের দ্বিতীয় তলার ছাদ ঢালাই দেয়ার সময়ে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
আহতরা হলেন, নির্মাণ শ্রমিক তরিকুল ইসলাম (৪৫), সে জেলার ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা এলাকার মোকসেদ আলীর ছেলে, খোকন (৩০) সে চৌগাছা উপজেলার মৃত লোকমান আলীর ছেলে, শিমুল (২৮), সে যশোর সদর উপজেলার জঙ্গলবাদাল দুলাল সরদারের ছেলে, মমিনুর (২৭), সে যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার কাদের বিশ্বাসের ছেলে, আব্দুল হাই (২৮) সে যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার ইমাম আলী সরদারের ছেলে, ইলিয়াস হোসেন (৪৫) সে যশোর সদর উপজেলার দিয়াপাড়া এলাকার আব্দুল কালাম মোড়লের ছেলে, আকিদুল (৩৫) সে সে যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার লালন মিয়ার ছেলে, হাফিজুর রহমান (৫০) সে জেলার ঝিকরগাছা উপজেলার কায়েমকলা এলাকার সন্তোষ আলীর ছেলে, ইমান আলী (৫০) সে যশোর মনিরামপুর উপজেলার পলাশী কেরামত আলীর ছেলে, জিয়ারুল ইসলাম (৩৫) মিস্ত্রি সে মনিরামপুর পলাশী এলাকার সবেদ আলীর ছেলে।

মিস্ত্রি জিয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ধর্মতলার কারবালা বিদ্যুৎ উপকেন্দ্রে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছিল। হঠাৎ করে নিমাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ ধসে পড়ে। এতে নয় দশ জনের মতো জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করান।
নাম প্রকাশ না করা শতে একজন মিস্ত্রি বলেন, নিম্নমানের সিমেন্ট ও রড ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটেছে। আমরা ইঞ্জিনিয়ারকে নিম্নমানের উপাদান দিয়ে ঢালায়ে ঝুঁকি বাড়ার বিষয়টি জানালে তিনি আমাদেরকে বলেন, আমি যেভাবে বলছি সেভাবে করো। তোমরা কি আমার থেকে বেশি বোঝো? আমার থেকে বেশি বুঝলে তোমরা তো ইঞ্জিনিয়ার হয়ে যেতে।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার ফিরোজ বলেন, রোগীদের ভর্তি নিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অনেক রোগীর গা-হাত-পা কেটে গেছে। তবে তারা আশঙ্কা মুক্ত।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, অতি নিম্নমানের উপাদান দিয়ে ছাদ ঢালাইয়ের কারণে ছাদ ধ্বসে পড়ে। ধসে পড়া ছাদের তলায় ১০ শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ১০জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিয়ে প্রকল্পের উন্নয়নের ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মোমিনের মুঠোফোনের সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে শুধুমাত্র নামমাত্র প্রকল্পের নির্ধারিত স্থানে দায়িত্বে রেখেছেন। প্রকল্পের সব কিছুই নির্বাহী প্রকৌশলী দেখাশোনা করেন।

বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনের মুঠোফোনের বারবার সংযোগ দিয়েও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।