২৭৪ কোটিতেও ক্ষত সারেনি ভৈরবের !

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ২৭৪ কোটি টাকাতেও ক্ষত সারেনি ভৈরবের ! । এক সময়কার প্রাণ চঞ্চল্য যৌবন দীপ্ত ভৈরব দখলদারদের নিষ্পেষিত যাঁতাকলে পড়ে ক্ষতবিক্ষত হয়ে শত বছর ধরে ডুকরে ডুকরে নীরবে কাঁদছিলো।

ভৈরবের সেই কন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে ঢাকায় বসেই শুনতে পেয়েছিলেন। তিনি অনুধাবন করতে পেরেছিলেন ভৈরব সংস্করণের। ভৈরবের যৌবন ফিরে পেলে এই অঞ্চলের জনজীবনে আবারো প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। একদিকে মানুষের যাতায়াতেরও ব্যবসা-বাণিজ্যের বিপ্লব ঘটবে। অন্যদিকে পানি নিষ্কাশনের মাধ্যমে এই অঞ্চলের কৃষি বাচবে।

ভারতের গঙ্গানদী থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ,নড়াইল ও যশোর জেলার বুকচিরে বয়ে যাওয়া ভৈরব(ভয়ংকর) নদ একসময়ের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অন্যতম প্রধান ও তীর্থ নদ ছিলো। এই নদকে কেন্দ্র করে আর্য সভ্যতা গড়ে উঠেছিলো। তাই এই নদের প্রাণ চঞ্চল্য যৌবন ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী ২০১০ সালের ২৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধনের সময়ে নদের নাব্যতা ফিরিয়ে নৌ-যোগাযোগের ব্যবস্থা করার জন্য ভৈরব নদ খননের পতিশ্রুতি দেন।

প্রতিশ্রুতি অনুযায়ী যশোরের ভৈরব নদ খনন ও পানি ব্যবস্থাপনা প্রকল্পের জন্য ২০১৬ সালের ১৬ আগস্ট একনেকে পকল্পের জন্য ২৭২ কোটি ৮১ লাখ টাকা অনুমোদন দেন। নদের তল দেশে ৩২ মিটার ও উপরিভাগে ৪৮ মিটার করে খনন নির্ধারিত হয় । কিন্তু প্রকল্পের সফলতা নিয়ে প্রথম থেকে এ অঞ্চালের মানুষের মাঝে শঙ্কা দেখা দিয়েছিলো। গত পাঁচ বছর ধরে চলা নদ খননের নামে এ বিপুল অংকের টাকা লুটপাট করে খেয়েছে নাম সর্বস্ব কিছু ঠিকাদার। ইতিমধ্যে এ বিপুল টাকার খনন কাজ জুনের শেষে সমাপ্ত হবে। তবে এখনো পর্যন্ত এ বিপুল অংকের অর্থ ব্যয় ভৈরবের যৌবন ফেরেনি। সেই আগের মতই ভৈরবের ২৪২ কিলোমিটারের দেহে ঘা দগদগ করছে।

 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, যশোর ভৈরব নদ খননে ১৫ জন ঠিকাদারী প্রতিষ্ঠান ৩৮টি লটে এ বৃহত্তর পরিসরের এ কাজ বাগিয়ে নেন। যশোর মুজিব সড়কে অবস্থিত এসটি ইন্টারন্যাশনাল দু’টি লটে। একটি ভবন মেরামতও রক্ষনাবেক্ষণ। অন্যটি দু’কিলোমিটার পুনঃনদ খনন, ঢাকা মতিঝিলের সেনাকল্যান ভবনে অবস্থিত ডলি কন্সট্রাকশন লিঃ- এসএ-এস আই (জেভী) ৩ টি লটে ৭ কিলোমিটার পুনঃনদ খনন, যশোর পুরাতন কসবা মিশন পাড়া এলাকার নুর হোসেন ৪টি লটে ১২ কিলোমিটার, যশোর পুরাতন কসবা মিশন পাড়া এলাকার এস এ-এমএসএ-এনএইচ (জেভী) ১টি লটে ৪ কিলোমিটার, যশোর পুরাতন কসবা মিশন পাড়া এলাকার এনএইচ-এমএসসি-এস এ ইউ (জেভী) ৮টি লটে ২৮.৫০০ কিলোমিটার, যশোর পুরাতন কসবা মিশন পাড়া এলাকার টেকনিপ কর্পোরেশন ১টি লটে ৩ কিলোমিটার, যশোর পুরাতন কসবা মিশন পাড়া এলাকার কপোতাক্ষী এন্টারপ্রাইজ ৪টি লটে ১১ কিলোমিটার, যশোর পুরাতন কসবা বিবি রোড এলাকার রেজা এন্ট্রারপ্রাইজ ১টি লটে ৩ কিলোমিটার, এসএস এবং এম টি (জেভী) ২টি লটে ৫ কিলোমিটার, যশোর পুরাতন কসবা ১৯২ কাজী পাড়া এলাকার শামিম চাকলাদার ৩টি লটে ৯ কিলোমিটার, যশোর পুরাতন কসবা মিশন পাড়া এলাকার এম টি এন্ড এস এস কনসোর্টিয়াম ২টি লটে ৬ কিলোমিটার, সাতক্ষীরার ইটাগাছা এলাকার শেখ আশরাফ উদ্দিন ১টি লটে ২ কিলোমিটার, খুলনা ক্রস রোড-২,৩৭ দক্ষিণ টুটপাড়া এলাকার শামিম আহসান ৩টি লটে ৭.৫০০ কিলোমিটার, খুলনা ১৮ গগন বাবু রোড ( ২য় লেন) এলাকার আমিন এন্ড কোং ৩টি লটে ১০ কিলোমিটার, চুয়াডাঙ্গা জীবন নগরের জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স ১টি লটে ৩ কিলোমিটার পুনঃনদ খননের কাজ। এসব ঠিকাদারদের সাথে কথা বলে জানা যায় ইতোমধ্যে প্রায় শতভাগ  কাজ শেষ হয়ে গেছে।

 

নদের পাড়ের বাসিন্দা মজিবুর রহমান বলেন, ঠিকাদারের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সরকারের কোটি কোটি টাকা জলে গেছে। ঠিকাদারা কোথাও থেকে বালি বিক্রি, কোথাও থেকে মাটি বিক্রি করে এ নদ খনন কাজ শেষ করেছে। তবে সরকার ক্ষতিগ্রস্ত হলেও ঠিকাদাররা দুই দিক থেকে লাভবান হয়েছে। এক দিকে নদের মাটি ও বালি বিক্রি।অন্যদিকে সরকারের কাছ থেকে ঠিকই টাকা আদায় করে নিয়েছে। অথচ সরকারও দেশের জনগণ কি পেয়েছে তা ভৈরব নদ পাড়ের বাসিন্দারাও যশোর বাসি সব দিনের আলোতেই দেখতে পাচ্ছে।

 

প্রবীন রাজনীতিবিদ অনিল বিশ্বাস বলেন, পুকুর খনন করার সক্ষমতা নেই। সেই সব ঠিকাদাররা নদ খনন করছে। ফলে যা হওয়ার, তাই হয়েছে। তাছাড়া একশ্রেণীর ঠিকাদার বৃহত্তর এ প্রকল্পের কাজ বাগিয়ে নেয়ার পর স্থানীয় ঠিকাদারদেরকে কমিশনে কাজ করাচ্ছেন। এসব ঠিকাদারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিছু অংশ যন্ত্রপাতি ভাড়া নিয়ে লোক দেখানো দায় সারাভাবে কাজ শেষও করেছে। ফলে অধিকাংশ এলাকার নদ আবারো ভরাট ও হয়ে গেছে। সেই সব খননকৃত নদে আবারও জলজ উদ্ভিদ জন্মে জঙ্গলে পরিণত হয়েছে।

 

৯০ বছর বয়সের ঊর্ধ্বে শামসের মোল্লা বলেন, একসময় এই নদী দিয়ে দড়াটানা, বসুন্দিয়া,নোয়াপাড়াও খুলনাতে নৌকায় করে মালামাল নিয়ে যাওয়া হতো। এখন আর এই নদীতে কোন নৌকা চলে না। নদী এখন খালে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মানুষের কথা মাথায় রেখে এই নদ খননে শুনেছি প্রায় ৩০০ কোটি টাকা দিয়েছে। কিন্তু ঠিকাদাররা নদ খননের নামে প্রহসন করছে। নদের দুই পাশের মাটি কেটে বিক্রি করছে। সামান্য কিছু মাটি লোক দেখানো জন্য দুই ধারে ডিভি করে রেখেছে। বরং নদীর মাটি ও বালু বিভিন্ন জায়গায় বিক্রি করে আরো কোটি কোটি টাকা রোজগার করছে।

 

খুলনার ঠিকাদার শামিম আহমেদের কাছে নদ খনন কাজ শেষ হওয়ার আগেই ভরাট হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি তিনটি লটের কাজ পেয়েছিলাম। ইতিমধ্যে কাজ শতভাগ খনন সম্পন্ন হয়েছে। অতিরিক্ত কমিশনের কারণে কাজে লাভ হয়নি বলেও তিনি জানান।

যশোরের পুরাতন কসবা এলাকার রেজা এন্টারপ্রাইজের মালিক রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, সিডিউল অনুযায়ী আমি আমার কাজ সমাপ্ত করেছি। ইতোমধ্য পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত ব্যক্তিদের কাছে কাজের সিডিউল অনুযায়ী বুঝিয়ে দিয়েছি। আবার নদ ভরাট হলে পানি উন্নয়ন বোর্ড আবার টেন্ডার দেবে। আমরা আবার কাজ করবো। এভাবেই তো চলবে নদ খনন।

ঠিকানা বিহীন এম টি এন্ড এস এস কনসোর্টিয়াম ও এস টি এন্ড এম টি (জেভী) ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ইমদাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তিনটি লটে বার বাজার চৌগাছা এলাকায় কাজ পেয়েছিলাম। সেটি অনেক আগে শেষ করেছি। এখন যদি সেগুলো ভরা হয়ে যায় তাহলে আমাদের কিছুই করার নেই।

ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির উপদেষ্টাও কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন,জনগণের দীর্ঘ দিনের আন্দোলন-সংগ্রামের ফলে ঠিকই ভৈরব নদ খনন প্রকল্প অনুমোদন দিয়েছিল সরকার। নদটির সংস্কার নিয়ে যশোরের মানুষের অনেক স্বপ্ন ছিল। মাননীয়়় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও স্বপ্ন ছিল এই নদ আবার যৌবন ফিরে পাবে। এ নদে আবার নৌযান চলাচল করবে। এই নদে এ অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে। কিন্তু সঠিকভাবে কাজ না হওয়ায় নদে নৌকা চলা তো দুরের কথা, কোথাও পানির প্রবাহও চলছে না। কিছু অসাধু ঠিকাদার নাম মাত্র নদ খনন করে কোটি কোটি সরকারি টাকা তছরুপ করেছে। তাই তিনি এসব অসাধু ঠিকাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি করেছেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী একেএম মমিনুল ইসলামের কাছে ভৈরব নদের খনন কাজ শেষ হলেও পানি প্রবাহিত না হওয়ার কারণ জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশ বলেন, আমি এখানে নতুন এসেছি। এখনো সবকিছু ঠিকঠাকভাবে দেখা সম্ভব হয়নি। তবে ঠিকাদারদের কাছ থেকে কাজের শতভাগ বুঝে নেয়ার চেষ্টা করছি। কোন ঠিকাদার কাজে অনিয়ম করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *