নিজস্ব প্রতিনিধি : যশোরের ৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন ঠেকাতে যশোর জেলা বিএনপির পক্ষে গণমিছিল করা হয়েছে ।
মিছিল শেষে বুধবার দুপুরে নেতারা প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে সীমানা অপরিবর্তন রাখার জোর দাবি জানান। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও কঠোর আন্দোলন ও কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
লিখিত বক্তব্যে তিনি বলেন,আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেয়েছি একটি মহল যশোরের দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্য বিচ্যুতি ঘটিয়ে যশোরের সংসদীয় আসন পূর্ণ বিন্যাসের চেষ্টা করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ইতিমধ্যে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির সামনে স্পষ্ট করেছেন। নির্বাচন কমিশন ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার প্রস্তুতি নিচ্ছেন। আপামর জনসাধারণ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে সংসদ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ঠিক এমন একটি নাজুক মুহূর্তে সংসদীয় আসন পুণবিনাসের যে কোন ধরনের চেষ্টা আমরা বিরোধিতা করি। পূর্ণ বিন্যাসের কোন প্রয়োজন নেই। বাংলাদেশের স্বাধীনতার পর বর্তমান অবস্থার উপর ভিত্তি করেই যশোরের ৬ টি সংসদীয় আসনে নির্বাচন হয়েছে। শুধুমাত্র ২০০৮ সালের অনির্বাচিত সরকারের সময়ে এর ব্যত্যয় ঘটানো হয়। এবং সেই নির্বাচনের অনিয়মের দেশে ফ্যাসিবাদী দীর্ঘায়িত করে। তাই কোন ধরনের সীমানা পূনবিনাস বা পরিবর্তন মেনে নেয়া হবে না। গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে সমস্ত আসনের সীমানা চূড়ান্ত বলে ঘোষণা করা হয়েছিল, তারমধ্যে যশোরের ৬টি আসনও ছিল। কিন্তু আমরা সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আগামী ২৫ আগস্ট যশোর – ৩, যশোর-৬ সংসদীয় আসনের দীর্ঘদিনের চলমান ও পুনঃঘোষিত সীমারেখা নিয়ে কিছু ব্যক্তির আপত্তি প্রদানের পরিপ্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হবে। আমরা আশঙ্কা করছি যে, মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারী ২০২৬ ইং সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের উদ্যোগকে বিলম্বিত করার লক্ষ্যে একটি মহলের অব্যাহত অপচেষ্টার অংশ এটি হতে পারে। আমরা মনে করি একটি নির্ধারিত সীমারেখায় বছরের পর বছর নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মধ্য দিয়ে অত্র আসনের ভোটারদের ভেতর একটি পরিবারের মতো আসনভিত্তিক যে ঐক্য, সম্প্রীতি ও বন্ধন তৈরি হয়েছে সেটা দ্বিধাবিভক্ত হয়ে পড়ুক এটি কোনোভাবেই কাম্য নয়
যেকোন বিচারেই কোন সংসদীয় এলাকায় জনমত একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। জনমতকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত আইন, সংবিধান, রেওয়ান ও রীতির বিরুদ্ধ। আমরা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক হবার আহবান জানাই। আশা করি তারা বিষয়টি সর্বোচ্চ সতর্কতার সাথে বিবেচনা করবেন।
এর আগে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাডভোকেট মুকুল হোসেন, যুবদল নেতা আনসারুলক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।