যশোর শহরের ব্যস্ততম এলাকার সড়ক-ফুটপাত ব্যবসায়ীদের দখলে
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোর শহরের ব্যস্ততম কয়েকটি এলাকার সড়ক ও ফুটপাত দখল করে চায়ের দোকান, ভাঙ্গারির দোকান, রড গ্রিলের দোকান, সেনেটারীর দোকান থেকে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
এর ফলে একদিকে যেমন পায়ে চলার পথ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে রাস্তা দখল করে দোকানপাট বসানোতে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফুটপাত দখল হওয়াতে পথচারীরা সড়কের মাঝ দিয়ে যেতে গিয়ে অহরহ দুর্ঘটনার স্বীকার হচ্ছেন। ফলে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড় থেকে যেকোনো প্রান্তে যেতে মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের দড়াটানা মোড়, চিত্রা মোড়, মাইকটি, কোটের মোড়, পালবাড়ী মোড়, জেনারেল হাসপাতাল ও মনিহার প্রেক্ষাগৃহের সামনের ফুটপাতগুলো দখল করে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী কয়েকশত দোকানপাট। আবার শহরের কোন কোন এলাকায় সড়ক দখল করেই ইজিবাইক ও রিক্সা স্ট্যান্ড তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে দোলাটানা, চিত্রা মোড়, থানার মোড়, মনিহার মোড়, নিউ মার্কেট, হাইকোর্ট মোড়, হাসপাতাল মোড়, পালবাড়ি মোড়, চাচা চেকপোস্ট, মুরলী মোড়সহ শহরের মূল কেন্দ্রগুলোতে।
শহরের কেন্দ্রবিন্দু দড়াটানা মোড় থেকে চারটি সড়ক শহরের বাইরে চলে গেছে। এরমধ্যে দড়াটানা মোড়ের দক্ষিণ দিকে মুজিব সড়ক। এ সড়কের অন্তত আধা কিলোমিটার জায়গাজুড়ে দুই পাশের ফুটপাতসহ সড়কের একাংশ দখল করে কাপড়ের অন্তত ১০০ দোকান, ফার্নিচার এবং ভাঙারির, সেলাই মেশিন সহ আরও অন্তত ৫০টি অস্থায়ী দোকান বসানো হয়েছে। কোটের মোড়ে উকিল বারের আইনজীবী সমিতির নিচে ফুটপাত ও সড়ক দখল করে একদিকে চায়ের দোকান, অন্যদিকে ইজিবাইক ও রিক্সা স্ট্যান্ডের ফলে পুরো সড়ক আটকে গেছে। একই অবস্থা সার্কিট হাউজের সামনে অস্থায়ী পেয়ারা তরমুজ সহ বেশ কয়েকটি দোকান। তার সামনে একটু এগিয়ে গেলে ফুটপাত দখল করে হোটেলের পরেরটা তৈরির দৃশ্য দেখা যায়। এরপর রেললাইন পার হয়ে চাঁচড়া চেকপোস্ট পর্যন্ত রাস্তার দুই ধার ফুটপাত দখল করে ভাঙ্গরীরর দোকান , লেদের দোকান সহ নানা দোকান গড়ে উঠেছে।
দড়াটানা মোড়ের পশ্চিম দিকে জেলা প্রশাসকের কার্যালয় ঘেঁষে গেছে গরিবশাহ সড়ক। এ সড়কের এক পাশে ভৈরব নদের তীরে পার্ক ও অন্য পাশে জেলা প্রশাসকের পার্ক। রাস্তার দুই ধার দিয়ে গড়ে উঠেছে রিক্সার ও ইজিবাইক স্ট্যান্ড। এতে সড়কের তিন ভাগের দুই ভাগই অবৈধ দখলে চলে গেছে।

দড়াটানা মোড়ের পূর্ব দিকে নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়ক। এ সড়কের পাশের বেশির ভাগ বহুতল ভবনে গাড়ি রাখার ব্যবস্থা নেই। জেস টাওয়ারসহ কয়েকটি বড় বিপণিবিতানের সামনে সড়কের ওপর রাখা হয়েছে যানবাহন। একটু সামনে এগিয়ে আরএন রোডের দু-ধারে কুরিয়ার সার্ভিসের কার্যালয়। কুরিয়ার সার্ভিসের মালামাল সড়কের ওপরে রাখা আছে। এসব কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান সড়কের ওপরে রেখে মালামাল ওঠানো-নামানো হয়। তাছাড়া ব্যবসায়ীদের মালামাল সড়কের দু’ধারে রেখে জায়গা দখল করে রেখেছে। শহরের আশ্রম মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুই ধার দখল করে নিয়েছে লেদ গ্রিলের দোকানদাররা।
এ ছাড়া রেল সড়কের চারখাম্বার মোড় থেকে টিবি ক্লিনিক মোড় পর্যন্ত সড়কের ওপর আসবাবের প্রায় ৫০টি দোকান রয়েছে। এ দখলদারির কারণে এসব সড়কে পথচারীদের চলাচল দুরূহ হয়ে হয়ে উঠেছে। তীব্র যানজটে নাকাল হচ্ছে শহরবাসী। ফুটপাত দখল হওয়াতে পথচারীদের চলতে হচ্ছে মেন সড়ক দিয়ে। ফলে ইজিবাইক ও অটো রিক্সার ধাক্কায় অহরহ ঘটছে দুর্ঘটনা।
শহরের কোর্টের মোড় পত্রিকায় স্টলের এজেন্ট তমাল হোসেন বলেন, আমার সামনে ফুটপাতে সড়ক দখল করে চায়ের দোকান গড়ে উঠেছে। তার সামনে ইজিবাইক ও রিক্সা স্ট্যান্ড। ফলে পুরো সড়কের বেশিরভাগ অংশ দখল করে রেখেছে এইসব দোকানী ও ইজিবাইকও রিক্সা চালকরা। এর ফলে সংকীর্ণ সড়ক দিয়ে পথচারীরা যাওয়ার সময় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষ এখনই ব্যবস্থা গ্রহণ না করলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন।

যশোর রেলগেট ভাঙারীর দোকানদার নিজামুদ্দিন বলেন, শুধু আমরা একাই দখল করিনি। আমার মত অনেক ভাঙ্গারী দোকানদার, লেদের দোকানদার, হোটেল মালিকসহ সবাই দখল করেছে। তাই এসব লিখে কোন লাভ হবে না। পৌর কর্তৃপক্ষকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এসব দখল বাণিজ্য চলছে বলে তিনি জানান।
মাইক পটির সেনেটারী ব্যবসায়ী সুবহান বলেন, শুধু আমি যে দখল করে রেখেছি তা কিন্তু না। আমার মত সব ব্যবসায়ীরাই এখানকার ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। এসব নিয়ে অনেকেই লিখেছে কিন্তু লাভ হবে না বলে জানান এ ব্যবসায়ী।
সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহিন আহমেদ বলেন, ‘শহরের নান্দনিকতা সৃষ্টি ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ব্যবস্থাপনায় পৌর কর্তৃপক্ষের কোনো দৃষ্টিভঙ্গি নেই। যে কারণে ছিন্নমূল মানুষ কর্মসংস্থানের জন্য ফুটপাতে গিয়ে বসছে। সেই সাথে বিত্তবান ব্যবসায়ীরাও সড়কও ফুটপাতে দখল করে ব্যবসা স্থাপনা তৈরি করছে। এতে শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। মানুষের ভোগান্তি বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য অতি দ্রুত একটি সুষ্ঠু নীতিমালা প্রয়োজন।
বিষয়টি নিয়ে যশোর পৌর প্রকৌশলী বিএম কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খুব তাড়াতাড়ি দখলমুক্ত করতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে যশোর পৌর প্রশাসক রফিকুল ইসলামের মুঠোফোনে কয়েক দফায় সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।