স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছাত্রদলের নেতা নাজমুস সাকিব (২৭) সহ দু’জন নিহত হয়েছে। নিহত নাজমুস সাকিব ঝিকরগাছা পারবাজারের মৃত সোহেল হোসেনের পুত্র এবং যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক। আহত ফাহিম বিশ্বাস (২৬) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ফাহিম বিশ্বাস (২৬) ঝিকরগাছা বাজারের কসমেটিক ব্যবসায়ী এবং কৃষ্ণনগর গ্রামের ওহিদুল ইসলামের পুত্র।
এ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দশটার দিকে উপজেলার কীর্তিপুর পুরাতন যাত্রী ছাউনির সামনের মোড়ে।
শুক্রবার রাত ১০টার দিকে কীর্তিপুর মোড়ে দ্রুতগতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত ফাহিমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান , শুক্রবার রাত দশটার দিকে বেপরোয়া গতিতে যশোর থেকে ঝিকরগাছায় যাওয়ার পথে যশোর বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড়ে মেট্রো গ ১২-৮৯৬০ নাম্বারের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে নাজমুস সাকিব নিহত হন। তার সাথে থাকা ফাইম গুরুতর আহত হয়। সাথে সাথে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে ফাইমের অবস্থা অবনতি হলে রাতেই তাকে ঢাকার স্কয়ার হসপিটালে স্থানান্তর করা হয়। শনিবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিকরগাছা নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ মো. রোকনুজ্জামান জানান, শুক্রবার রাত ১০টার দিকে কীর্তিপুর মোড়ে দ্রুতগতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত ফাহিমকে ঢাকা স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান তার পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে বলে তিনি জানান।