যশোরে তীব্র শীতে বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ

নিউজটি শেয়ার লাইক দিন
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক:  তীব্র শীতে যশোরে বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ।

গত শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি এবং আজ শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে যশোরের আকাশে ঘন কুয়াশাও দেখা দিয়েছে।

গত কয়েকদিনে তীব্র শীত ও ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সেই শীতেই জবথব হওয়া হয়ে পড়ে মানুষ ও প্রাণী কুল। শীতের মধ্যে ঘন কুয়াশা আর ফির ফিরে বাতাস  শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। তেমনি ছেদ পড়েছে কর্মজীবী মানুষের স্বাভাবিক চলাচলে।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাটির আবহাওয়া দপ্তর থেকে জানান হয়েছে, শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮. ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল শুক্রবার সকালে ও যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৯ডিগ্রি সেলসিয়াস। এর ফলে জনজীবনে অস্বস্তি আরো বেড়েছে।

গত কয়েক দিনের তীব্র শীতে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা। সময়মতো কাজে যেতে পারছেন না তারা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে অনেককে।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের বলেন, ছিন্নমূল ও প্রান্তিক শীতার্ত মানুষের কম্বল ক্রয়ের জন্য আটটি উপজেলায় ৪৮ লাখ টাকা দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৬ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এসব টাকায় ১২০০ করে কম্বল কেনার কথা। তারা কি করেছে সেটা তিনি জানেন না বলে জানান। যশোর রেল স্টেশন এলাকায় ছিন্নমূল মানুষের কাতরানোর বিষয়টিকে জানালে তিনি বলেন, আগামীকাল তাদের মধ্যে জেলা প্রশাসক কম্বল বিতরণ করবেন।

মমিনুল ইসলাম বলেন, ‘ভোরে শীতের সঙ্গে ফির ফিরে বাতাস তো আছে। সে কারণে শীতের তীব্রতা বেশি অনুভূতি হচ্ছে। শীতে কারণে ইজিবাইক চালাতে কষ্ট হচ্ছে।’তিনি আরও বলেন, ‘অন্য বছর বিভিন্ন সংগঠনের থেকে কম্বল পেলেও এ বছর তিনি কোনো কম্বল পাননি। এমনকি কোথাও দিতেও দেখেননি।

রিকশাচালক রহমান বলেন, এ শীতে হাত-পা সব কালা হয়ে যাচ্ছে। রিকশার হ্যান্ডেল ধরে রাখা যায় না। তবুও পেটে কি আর এসব মানে? বাড়ির লোকের কথা চিন্তা করলে শীত পলায় যায়। সবকিছু উপেক্ষা করেই ভোরে রিকশা নিয়ে তিনি বাইরে বের হয়েছেন।

যশোর রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকা হালিমা বেগম বলেন, অন্য বছরে বিভিন্ন সংস্থা থেকে কম্বল বিতরণ করলেও এবার এখন পর্যন্ত কেউ আসেনি। যে কারণে সেই আগের কাপড় দিয়েই প্ল্যাটফর্মে যবথব হয়ে ঘুমাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *