বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

সোমবার (২১ জুলাই) রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

শোক দিবসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই নিয়ম প্রযোজ্য হবে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটসমূহেও।

এছাড়া, নিহত ও আহতদের জন্য মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ভবনের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমানটি বায়সেক থেকে উড্ডয়ন করেছিল দুপুর ১টা ৬ মিনিটে। কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি উত্তরার জনবহুল এলাকায় আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাতে অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন: মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৯

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী-কর্মচারীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর স্কুল প্রাঙ্গণে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই চারপাশে ধোঁয়ার কুণ্ডলি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একজনের পরিচয় জানা গেছে — তিনি বিমানটির প্রশিক্ষক পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আহতদের মধ্যে রয়েছেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী, নিরাপত্তারক্ষী, পথচারী এবং কয়েকজন অভিভাবক।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালসহ বিভিন্ন স্থানে শতাধিক আহতকে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনীর সমন্বিত উদ্ধার দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে অংশ নেয়।

স্কুল ভবনের ক্ষতিগ্রস্ত অংশ ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর ২টার পর থেকে এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে ঢাকা মেট্রোরেলের একটি বিশেষ বগি রিজার্ভ করে সাময়িকভাবে উদ্ধার কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। এই প্রথমবারের মতো কোনো জরুরি পরিস্থিতিতে মেট্রোরেলকে মানবিক কাজে ব্যবহার করা হলো।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ বা উচ্চগতির টার্নিং মিসম্যাচ-এর কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান বাহিনী ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তারা ককপিট রেকর্ড, ব্ল্যাক বক্স এবং বিমানের উড্ডয়ন প্যাটার্ন পর্যালোচনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *