তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: পদ্মা সেতু হয়ে বহুল প্রতীক্ষিত ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল সেকশনে দুটি ট্রেন উদ্বোধন করা হয়েছে। এ রুটে ১০০ কিলোমিটার গতিতে বেনাপোল-ঢাকা ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ছুটছে। অন্যদিকে খুলনা- ঢাকাতে ছুটবে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ট্রেন দুটিতে মোট ১১টি কোচে আসন সংখ্যা থাকছে ৭৬৮টি।
মঙ্গলবার বিকেল চারটায় যশোর বেনাপোল রেলস্টেশনে উপস্থিত থেকে যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, শার্শার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজীব হাসানসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।
‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি বিকাল সাড়ে চারটায় বেনাপোল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি ঢাকাতে পৌঁছাবে রাত আটটায়। সেখান থেকে সকাল ১০ঃ৪৫ মিনিটে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বেনাপোল পৌছাবে দুইটা ২৫ মিনিটে।
যাত্রাপথে দূরপাল্লার ট্রেন দুটি টি থামবে যশোর, নড়াইল, কাশিয়ান, ভাঙ্গা জংশনে। অন্যদিকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেবে কাশিয়ানী জংশন, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া জংশন ও নোয়াপাড়া স্টেশনে। একদিকে ট্রেন থামবার স্টেশন এলাকাগুলোতে যাত্রীরা নিজ এলাকা থেকে ট্রেনে উঠতে পারায় চলছে আনন্দ উচ্ছ্বাস। অন্যদিকে যশোরের পদ্মবিলা স্টেশন এলাকায় ট্রেনটি না থামায় এবং উঠতে না পারার হতাশায় স্থানীয়দের মধ্যে ক্রোধ সৃষ্টি হয়েছে। পদ্মার উপর দিয়ে রেললাইন চালুর ফলে ঢাকা থেকে যশোরের দূরত্ব কমেছে প্রায় ২০০ কিলোমিটার। কমে যাবে পূর্বের ট্রেন ভ্রমণের অর্ধেকের চেয়ে কম সময়। অর্থাৎ মাত্র সাড়ে তিন ঘন্টায় বেনাপোল-খুলনা থেকে ঢাকাতে পৌঁছানো যাবে। বর্তমানে খুলনা-বেনাপোল-যশোর-কুষ্টিয়া পোড়াদহ দিয়ে ঢাকা রেল যোগাযোগের দূরত্ব সাড়ে চার’শ কিলোমিটার। ট্রেনগুলো ঢাকায় পৌঁছাতে সময় লাগে আট থেকে নয় ঘণ্টার মত। পদ্মা সেতু দিয়ে ট্রেন চালুর ফলে বেনাপোল-ঢাকার দূরত্ব কমে দাঁড়িয়েছে ১৮৫ কিলোমিটারে। কমেছে প্রায় ২০০ কিলোমিটার রাস্তা। ট্রেন চালুর ফলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে।

নতুন রুটে এ ট্রেন চলার খবরে বেনাপোল যশোর, সিঙ্গিয়া, নোয়াপাড়া ও খুলনার যাত্রীরা বেশ উচ্ছ্বসিত। অন্যদিকে ঝিকরগাছা, রুপদিয়াও পদ্মবিলা রেল স্টেশনে ট্রেন না দাঁড়ানোতে এলাকার যাত্রীরা চরম ক্ষুব্ধ।
বেনাপোল এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, পদ্মার সাথে ট্রেন চালুর ফলে বেনাপোলের ব্যবসায়ীদের খুবই উপকার হয়েছে। এখন মাত্র তিন ঘন্টার ভিতরে যশোর থেকে ঢাকাতে পৌঁছানো যাবে। চাইলে যে কোন ব্যবসায়ী তার কাজ সম্পন্ন করে দিনের দিন বেনাপোলে পৌঁছাতে পারবে।
https://youtu.be/x5Zke-M4Zu4
পদ্মবিলা রেল স্টেশন এলাকার যাত্রী রায়হান বলেন, আমার এলাকার জমি জায়গা সরকার একর করে নিয়ে আধুনিক রেলস্টেশন তৈরি করেছে। মনে করেছিলাম আমরা হয়তোবা এই স্টেশন থেকে ট্রেনে উঠে ঢাকাতে যেতে পারবো। কিন্তু এখন জেনেছি এ স্টেশনে ট্রেন দাঁড়াবে না। এটা অত্যন্ত দুঃখজনক। এটি বাংলাদেশের মডেল স্টেশন ও রেল জংশন। অথচ এখানে ট্রেন না দাঁড়ানোতে আমরা হতাশ ও এলাকার লোকজন ক্ষুব্ধ হয়েছে। এখানে যদি ট্রেন নাই দাঁড়াবে তাহলে সরকার এখানে এত বিলাসবহুল করে স্টেশন করেছে কেন এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি।
রহিম নামে আরেকজন বলেন, পদ্মবিলে রেলস্টেশন ও জংশন দেশের সবথেকে মডেল রেলস্টেশন। অথচ এখানে ট্রেন থামবে না এটা মেনে নেওয়া যায় না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে, খুলনা-বেনাপোল থেকে আসা ট্রেনগুলো অন্ততপক্ষে ৩০ সেকেন্ডের জন্য হলেও থামুক। না হলে আমরা দুর্বার আন্দোলনে নামতে বাধ্য হবো।
যদিও নবনির্মিত ব্রডগেজ ঢাকা-যশোর ১৭২ কিলোমিটার সিঙ্গেল ট্রেন লাইনটি ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে পদ্মবিলা,রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত। সিংগিয়া স্টেশন হয়ে খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করা হয়েছে। এ ট্রেন দুটি চালুর ফলে বেনাপোল-ঢাকায় পৌঁছানো যাবে মাত্র সাড়ে তিন ঘণ্টায়।ব্যয়ের দিক থেকে রেলওয়ের জন্য সবচেয়ে বড় প্রকল্প এটি এবং ব্যয়ের অর্ধেকেরও বেশি ঋণ সহায়তা হিসেবে চীন প্রদান করছে।
গত বছরের অক্টোবরে এই লাইনের ঢাকা-ভাঙ্গা সেকশন ৫টি ট্রেন চালু হয়। লাইনটি চালুর ফলে দেশের বৃহত্তম দুটি সমুদ্রবন্দর- চট্টগ্রাম ও মংলাও বেনাপোল স্থল বন্দরকে সরাসরি সংযুক্ত হচ্ছে এবং দেশের ব্যবসা-বাণিজ্যকে সহজতর হবে।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এই রুটে শুধু দূরত্বই কমাবে না, বাড়বে আমদানি রফতানি। দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হলে অর্থনীতিতে দ্রুত সমৃদ্ধ বয়ে আনবে। যোগাযোগ সহজ হওয়ায় দেশের শুধুমাত্র দক্ষিণাঞ্চল-পশ্চিমাঞ্চল দিয়ে যেসব পণ্যের আমদানি রফতানি হয়ে থাকে তা বাড়বে। পণ্য যেমন দ্রুত পৌঁছাতে পারবে, তেমনই পরিবহন খরচ কমে আসবে কয়েক গুনে। কৃষকরা উৎপাদিত পণ্য কম সময়ে ঢাকাসহ অন্যান্য বাজারে বিক্রি করার সুযোগ পাবে। তারা ন্যায্য দামও পাবেন। এতে প্রসারিত হবে কৃষিপণ্যের বাজার ও।
শুধু কাঁচা পণ্যই নয়, পদ্মা সেতু আরো অনেক কারণে গুরুত্বপূর্ণ। যশোরের সঙ্গে দ্রুতগামী ট্রেন চলাচলের ফলে যশোরের বসুন্দিয়া ইপিজেড এর এক নতুন অধ্যায় সূচনা হবে। তৈরি পোশাক শিল্প ব্যবসায়ীরা বলছেন, গার্মেন্টস শিল্পের কাঁচামাল আমদানির সিংহভাগ যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। এই ট্রেন চালু ফলে যশোরের ব্যবসা-বাণিজ্য আরো গতিশীল হবে।
ভারত থেকে বেনাপোল বন্দরের মাধ্যমে পোশাক শিল্পের প্রায় ৮০ থেকে ৮৫ ভাগ কাঁচামালই আমদানি করা হয়। এতে সবচেয়ে বড় সমস্যা হলো, প্রচুর পরিমানে পরিবহন খরচ হয়। পদ্মা সেতু চালু হয়ে গেলে পরিবহন খরচ কমবে, যথাসময়ে পণ্য পৌঁছাবে।
কাস্টমস সূত্রে জানা গেছে, প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতিদিন ৭ থেকে ৮শ পণ্যবাহী যানবাহন বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করে বাংলাদেশে। সরকার এখান থেকে আয় করে সাড়ে ৬ হাজার কোটি টাকা। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা বলছেন, পদ্মা সেতু চালু ফলে আমদানি রফতানি যেমন বাড়বে, তেমনই বাড়বে রাজস্ব আয়ের পরিমান।
বেনাপোলের ব্যবসায়ী এস.এম আতিকুজ্জামান সনি বলেন,আমদানি-রফতানির বাইরেও এই রুটে ভারত-কোলকাতার মধ্যে যাত্রীদের যাতায়াতের এক নবযুগের সূচনা হলো। বেনাপোল ইমিগ্রেশন থেকে কলকাতা দূরত্ব ৮৪ কিলোমিটার। ঢাকা থেকে যে কেউ সকালে রওনা দিয়ে দুপুরের মধ্যেই কলকাতায় পৌঁছাতে পারবে। এবং সে চাইলে সেই দিনে ডাক্তার দেখিয়ে বা ব্যবসায়িক কার্য সম্পাদন করে রাতের মধ্যেই ট্রেনে করে ঢাকাতে পৌঁছাতে পারবে।
পদ্মবিল্লা রেল স্টেশন ও জংশনে ট্রেন থামার দাবিতে সোচ্চার এলাকার
বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, ‘উদ্বোধনের পর বিকাল সাড়ে চারটায় বেনাপোল প্লাটফর্ম থেকেই এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছেন। এই ট্রেন চালু হওয়ার পরে বেনাপোল বাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। একই সাথে ভারত-বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের যাতায়াতের পথ সুগম হয়েছে। নতুন পথে বছরে প্রায় ৬০ কোটি টাকা আয় বাড়াবে।
ট্রেনটিতে ৭৬৮ আসনের বিপরীতে বেনাপোল থেকে ৫৭জন যাত্রী পরিবহন করেছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ার ৪৫৫ টাকা, এসি সিট ভ্যাটসহ ৮৭০ টাকা।
বর্তমানে খুলনা-ঢাকা-বেনাপোল ঢাকা হয়ে দুটি আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নকশি কাঁথা কম্পিউটার, বেনাপোল এক্সপ্রেস পূর্বের রুটেই চলবে বলে জানান তিনি।