নিজস্ব প্রতিবেদক: কোনরভাবেই রুখতে পারছে না যশোর সদর সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতি। দলিল রেজিস্ট্রি করতে আসা গ্রাহকদের প্রতিটি পদে পদে গুনতে হচ্ছে ঘুষের টাকা।
দলিল লেখক সমিতির হায়দার আলী ও হায়াতুর রহমান রাজিব রনি সিন্ডিকেটের ৫ হাজার টাকা ও সাব রেজিস্টার আমেনার ২ হাজার নির্ধারিত ঘুষের টাকা না দিলে হয় না দলিল রেজিস্ট্রিশন। প্রতিবাদ করলে হতে হয় নানা ধরনের হয়রানি নির্যাতন। এসব অনৈতিক ঘুষ লেনদেনের প্রতিবাদের বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা সাব রেজিস্টারের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটুর নেতৃত্বে নেতৃবৃন্দরা।
অনুসন্ধানে জানা গেছে, যশোর সদর সাব রেজিস্ট্রার আমেনা ও দলিল লেখক সমিতি মিলে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট।সরকারি এ কর্মকর্তা ও সিন্ডিকেটের মাধ্যমেই ঘুষ বাণিজ্য চলছে দীর্ঘদিন ধরে। এই সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। ধরি মাছ না ছুঁই পানি এমনই এক বিশেষ ব্যবস্থায় ঘুষের টাকা আদান প্রদান হলেও এই সিন্ডিকেট রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। তবে অনেকে মনে করেছিল সরকার পরিবর্তন হলে এই সিন্ডিকেটের দূরত্ব কমবে। কিন্তু দৌরত্ব তো কমাইনি বরং বিপরীত স্রোতের মানুষগুলোর সাথে সখ্যতা গড়ে তুলে সিন্ডিকেট আরো শক্তিশালী হয়েছে।
সূত্রমতে, হেবা দলিল প্রতি অফিস খরচ হিসাবে নেওয়া হয় ২০ শতাংশ। সরকারি আইনুযায়ী হেবা দলিলের ক্ষেত্রে ৩০০ টাকার হলফ নামাসহ রেজিস্ট্রেশন ফি সর্বমোট ৮০০ টাকা। কবলা দলিলের ক্ষেত্রে পৌরসভার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি সাড়ে ১১ শতাংশ। এক্ষেত্রে এক লক্ষ টাকা মূল্যমানের দলিলে রেজিস্ট্রেশন ফি সাড়ে ১১ হাজার টাকা। এই টাকা পে অর্ডারের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হয়।
অথচ জমির গ্রহিতার কাছ থেকে ১৫ শতাংশও বেশি হারে টাকা আদায় করা হয়। দলিল মুল্য এক লাখ টাকা হলে প্রথম লাখে ৮০০ টাকা। পরবর্তী প্রতি লাখে ৩০০ টাকা হারে ঘুষের টাকা আদায় করা হয়। ঘুষ আদায়ে রেজিস্ট্রি অফিসের সংঘবদ্ধ একটি সিন্ডকেট অগ্রণী ভুমিকা পালন করে। এই সিন্ডিকেট এতোটাই শক্তিশালী যে এদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহষ পায়না। এক্ষেত্রে সাধারণ দলিল লেখকরা এই চক্রের কাছে জিম্মি। এই চক্রের নির্ধারিত রেটের বাইরে কোন দলিল লেখক দলিল সম্পাদন করতে পারেনা। এই সিন্ডিকেট যে হিসাব দেবে সেই টাকা দিতে বাধ্য করা হয় ক্রেতা। তাছাড়া জমি রেজিস্ট্রি, নামপত্তন, জমির শ্রেণী পত্তনসহ আনুসঙ্গিক কাজের জন্য কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখকদের দিতে হয় মোটা অংকের টাকা।
মানুষকে এক প্রকার জিম্মি করে এসব টাকা আদায় করা হয়।
আর টাকা না দিলে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে।
সূত্র মতে, যশোর সদরের সাব রেজিস্ট্রার আমেনা যোগদানের পর থেকে ২৫ হাজারের বেশি দলিল সম্পাদনা করেছেন। আর দলিল সম্পাদনায় কোটি কোটি ঘুষের টাকা আদায় করেছেন। রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের অবস্থা আরো করুণ। রেকর্ড রুমের এ আমেনা ও সিন্ডিকেটের নেতাদের সমন্বয়ে ঘুষের রেট নির্ধারণ করে দিয়েছেন। রেকর্ড রুম থেকে অনুরুপভাবে ঘুষের টাকা আদায় করা হয় । রেকর্ড রুম থেকে টাকা কালেকশনের জন্য তিনি ক্যাশিয়ার নিয়োগ দিয়েছেন। রেকর্ড কিপার ভৈরব চক্রবর্তীকে প্রথমে নিয়োগ দেন। ভৈরব চক্রবর্তী টাকা আদায়ের জন্য নকল নবিশ নূর নবীকে তার সহযোগী হিসেবে নিয়োগ করেছেন।
জেলা রেজিস্ট্রার আবু তালেব যোগদানের পর রেকর্ড কিপার ভৈরব চক্রবর্তীকে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত করা হয়। তার স্থলে বর্তমানে কর্মরত আছেন ভারপ্রাপ্ত রেকর্ড কিপার রমাপ্রসাদ চক্রবর্তী। রমাপ্রসাদও ঘুষের টাকা আদায়ের জন্য তার সহযোগী হিসেবে নকল নবিশ নূর নবীকে বহাল তবিয়তে রেখেছেন। নূর নবীকে বহাল তবিয়াতে রাখার পেছনে সদরের সাব রেজিস্ট্রার আমেনা বিশেষ ভূমিকা পালন করে চলেছেন। রেজিস্ট্রি অফিসের সবচেয়ে গুরুত্ব পূর্ণ জায়গা হলো রেকর্ড রুম। রেকর্ড রুমে দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষিত থাকে।
সূত্র আরো জানায়, রেকর্ড শাখা থেকে প্রতিদিন হাজার হাজার টাকা অবৈধভাবে আদায় করা হয় নূর নবীকে দিয়ে। রেকর্ডের অবৈধ যে আয় তার সিংহভাগ পেয়ে থাকেন সদরের সাব রেজিস্ট্রার আমেনা ও জেলার রেজিস্টার আবু তালেব। এসব কারণে তারা রেকর্ড শাখাটি নূর নবীকে দিয়ে চালাতে চান। দলিল সম্পাদনার মতো অনুরূপভাবে এ খাত থেকে প্রতিবছরে ৫ থেকে ৭ কোটি ঘুষের টাকা আদায় করা হয়।
দলিল লেখক, নকল নবিশ ও ভুক্তভোগী জমি ক্রেতা বিক্রেতা সকলেই চায় দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রার আমেনা, জেলা রেজিস্টার আবু তালেব, রেকর্ড কিপার রমাপ্রসাদ চক্রবর্তী ও নকল নবিশ নূর নবীর বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
বিষয়টি নিয়ে সদরের সাব রেজিস্ট্রার আমেনার কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমি রেকর্ড শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই শাখা কাকে দিয়ে চালাতে হবে তা আমি জানি। তাছাড়া এখানে কয়েক শত দলিল লেখক আছে এবং সমিতির নেতা আছে তাদের মাধ্যমে এখানে কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়।
জেলা রেজিস্টার আবু তালেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোন বিষয় না। যারা আন্দোলন ও বিক্ষোভ করছে তারাই ভালো বলতে পারবেন কি কারনে এটা করছে। এ বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।