তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ১৯৯৯ সালের ২৩ নভেম্বর বেনাপোল-খুলনা রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে একমাত্র যাত্রীবাহী ‘বেনাপোল কমিউটার ট্রেন’। পরীক্ষামূলক ট্রেনটি চলাচলে ব্যাপক যাত্রী চাপ ও লাভজনক হওয়াতে ট্রেনটি স্থায়ীভাবে ‘বেনাপোল বেতনা’ এক্সপ্রেস নাম দিয়ে ট্রেনটি চালানোর সিদ্ধান্ত প্রদান করেন রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রায় এগারো বছর ধরে ট্রেন টি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়। পরে নানা কৌশলে ‘মেসার্স বান্না এন্টারপ্রাইজ’ ও ‘ইসলাম শিপ বিল্ডার্স’ ট্রেনটি পরিচালনার জন্য ইজারা নেন। বেসরকারি টিকিট ব্যবস্থাপনায় যাত্রীসেবার মান নিম্নমুখী, চোরাকারবারির দখলে চলে গেলে ২০১৩ সালে আবার সরকারি তত্ত্বাবধানে তিনটি প্রচলিত হয়ে আসছিল। সরকারি তত্ত্বাবধানে থাকা অবস্থায় ট্রেনটির সেবার মান ও যাত্রী দুই বাড়তে শুরু করে। এর ফলে ট্রেনটি থেকে আশা অনুরূপের থেকেও সরকার বেশি লাভবান হচ্ছিল। সেই লাভে চোখ পড়ে যশোরের একটি চক্রের। চক্রটি ৫ই আগস্টের পর রেল ভবন ও রাজশাহী আঞ্চলিক রেলও তত্ত্বাবধায়কের অফিসে তৎপরতা বড়ায় ট্রেনটি ইজারা নেওয়ার। এক পর্যায়ে সফল হয়।
এর পর লাভজনক এ ট্রেন দু’টি বেসরকারি টিকিট ব্যবস্থাপনার জন্য অতি গোপনীয়তায় ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। ১৯ মে দরপত্র খোলা এবং জুন মাসের প্রথম সপ্তাহে যাচাই-বাছাই শেষে রেলের মূল্যায়ন কমিটিতে পাঠানো হয়। পরে যাচাই-বাছাই শেষে যশোরের হুমায়ুন আহমেদের মালিকানাধীন‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’ নামের প্রতিষ্ঠানকে তিন বছরের জন্য কার্যাদেশ দেওয়া হয় ট্রেনটির টিকিট ব্যবস্থাপনায়। প্রতিষ্ঠানটি গতকাল রোববার (১১ই জানুয়ারি) থেকে টিকিট ব্যবস্থাপনার মাধ্যমে ট্রেনটি পরিচালনার শুরু করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সাধারণ যাত্রীদের মাঝে চাপা ক্ষোভ তৈরি হয়।
ট্রেনটি থেকে বর্তমানে প্রতি মাসে গড়ে ৪০ থেকে ৪৫ লাখ টাকা আয় করছে বাংলাদেশ রেলওয়ে। যা আগের তুলনায় বেশি। তাই লাভজনক ট্রেনটির প্রতি নজর পড়েছে ব্যবসার সুযোগসন্ধানীদের। এ সুযোগে রাষ্ট্রীয় সম্পদ লোকসান দেখিয়ে ট্রেনটি বেসরকারি টিকিট ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার যুক্তি তৈরি করা হয়। লাভজনক হলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী ‘বেনাপোল বেতনা’ ট্রেন বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ট্রেনটি যাত্রী পরিবহনে লাভজনক হওয়ায় রেল কর্তৃপক্ষ যাত্রীসেবার মান আরো বাড়িয়ে ২০১৭ সালের ১ মার্চ থেকে এ রুটে দিনে দুইবার যাত্রা শুরু করেন। ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশে রওনা হয়ে দৌলতপুর, নওয়াপাড়া, সিঙ্গিয়া, যশোর, ঝিকরগাছা, নাভারণ স্টেশন পার হয়ে সাড়ে ৮টায় বেনাপোল পৌঁছায়। পরে সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল স্টেশন ত্যাগ করে বেলা ১১টা ৪৫ মিনিটে মোহাম্মদনগর পৌঁছায় ট্রেনটি। আবার দুপুর ১২টা ৪৫ মিনিটে মোংলা পৌঁছায়। মোংলা স্টেশন থেকে ছাড়ে দুপুর ১টায়। বেনাপোলে পৌঁছায় বিকাল ৪টা ৩০ মিনিটে। বিকাল ৫টায় খুলনার উদ্দেশে বেনাপোল ত্যাগ করে কমিউটার বেতনা ট্রেনটি।
বিশেষ সূত্রগুলো বলছে , ট্রেনটি বেসরকারি খাতে লিজ দিতে রেলওয়ের বর্তমান আয় থেকে বেশি পাওয়া যাবে এ অজুহাতে কিছু অসাধু কর্মকর্তা উঠে পড়ে লেগেছিল। স্টেশনে চেকার স্বল্পতার কারণে টিকিট কাটার কিছুটা সমস্যা হয়। স্টেশনে চেকার নিয়োগসহ টিকিট কাটার জনসচেতনতা বাড়ালে সরকারিভাবে বেশি লাভবান হবে এমন দাবি সেবা প্রত্যাশীদের। আর রেল বেসরকারি খাতে গেলে বাড়বে ঝামেলা। গুনতে হবে বেশি অর্থ। ফলে সরকারি ট্রেনে যাতায়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন রেল যাত্রী ও স্থানীয়রা। বেসরকারি টিকিট ব্যবস্থাপনায় গেলে বগি কমে যাত্রীদের ঠাসাঠাসি করে বসতে হয়। তাই সরকারি খাতে থাকার দাবি তাদের। চেকিংয়ের ব্যবস্থা বাড়লে-বাড়বে রাজস্ব আয়।
ট্রেন যাত্রী আব্দুল মালেক বলেন, খুলনা থেকে বাসযোগে বেনাপোল আসতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। ভাড়া ’আড়াইশ‘ টাকা। আর কমিউটার ট্রেনে খুলনা থেকে বেনাপোল আসতে সময় লাগে আড়াই ঘণ্টা। ভাড়া মাত্র ৪৫ টাকা। এ কারণে খুলনা থেকে জেলা শহর যশোরসহ যাত্রীরা বাসের চেয়ে কম খরচে ট্রেনে যাতায়াত করে থাকেন। আগের তুলনায় কমিউটার ট্রেন থেকে সরকারি কোষাগারে বেশি টাকা জমা হচ্ছে। বর্তমানে গড়ে প্রতি মাসে এ ট্রেন থেকে ৩৫ লাখ টাকা টাকা আয় করছে বাংলাদেশ রেলওয়ে।
মইনুল হাসান নামে আরেক যাত্রী বলেন, বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনটি বেসরকারি খাতে লিজ দেওয়া হলে এ ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা ভয়াবহ ভোগান্তির শিকার হবেন। আর এ সুযোগে চোরাচালানিরা পূর্বের মতো তাদের আধিপত্য বিস্তার করবে। তাই লাভজনক বেনাপোল-খুলনা-মোংলা বেতনা কমিউটার ট্রেনটি যাতে বেসরকারি খাতে লিজ দেওয়া না হয় তার জন্য রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দরকার।
টেন্ডার পাওয়া ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং কর্পোরেশন’ এর মালিক হুমায়ূন আহমেদ জানান, আমরা কাজ পেয়েছি। অনেক আগে আমাদের দায়িত্বে এ রুটটি চলার কথা ছিল। তবে বাজেটসহ অন্যান্য কারণে সেটা সম্ভব হয়নি। রোববার থেকে বেসরকারি টিকিট ব্যবস্থাপনায় আমাদের দায়িত্বে এ রুটে ট্রেন চলাচল করছে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, ‘বেতনা এক্সপ্রেস ও মংলা এক্সপ্রেস’ ট্রেনটি থেকে প্রতিমাসে ৪০-৪৫ লাখ টাকা আয় হয়। তবে ট্রেনটি যারা দিলে সরকারের লাভ অর্ধেকে দাঁড়াবে। রোববার থেকে বেসরকারি টিকিট ব্যবস্থাপনার মাধ্যমে চলাচল করবে। ভাড়া একই থাকবে। আগে প্রতি মঙ্গলবার ট্রেনটি বন্ধ থাকতো। বেসরকারি ব্যবস্থাপনায় এখন আর বন্ধ থাকবে না বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে রাজশাহী রেলওয়ের মহা ব্যবস্থাপক ফরিদ আহমেদের মুঠোফোন কয়েক দফায় সংযোগ দিলেও তিনি তার ফোনটা রিসিভ করেননি।