করোনা আক্রান্ত স্বামীকে সুস্থ করে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:করোনায় আক্রান্ত সাংবাদিক স্বামীকে সার্বক্ষণিক সেবা দিয়ে সুস্থ করে তুলে অবশেষে করোনা উপসর্গ নিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেলেন এক শিক্ষিকা স্ত্রী। তাঁর নাম রাশিদা আক্তার রুনু (৫১)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি মাহাবুব আলম লিটনের স্ত্রী ও নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। রবিবার উপজেলার রতনপুর গ্রামে তাঁর বাবার কবরের পাশে ওই শিক্ষিকাকে সমাহিত করা হয়েছে।

জানা গেছে, তাঁর স্বামী সাংবাদিক লিটন গত ১৮ জুলাই করোনায় আক্রান্ত হন। এরপর স্বামীর নিষেধ উপেক্ষা করে স্ত্রী রাশিদা আক্তার স্বামীর সেবায় নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত করে গত শুক্রবার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করে তুলেন। কিন্তু এরই মধ্যে কখন যে স্ত্রী রাশিদা অসুস্থ হয়ে পড়েন, সেটি তিনি বুঝতেই পারেননি।
আত্মীয়েরা জানান, শুক্রবার স্বামীর করোনা নেগেটিভ আসার পরদিন শনিবার বিকেলে করোনা উপসর্গ নিয়ে ডায়াবেটিস রোগী স্ত্রী রাশিদা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরদিন রবিবার তিনি মৃত্যুবরণ করেন।

মৃতের ছোটবোন রহিমা খাতুন বলেন,’ দুলাভাই করোনায় আক্রান্ত হওয়ার পর রুনু আপাকে দুলাভাই বলেছিলেন, তুমি ডায়াবেটিস রোগী। কয়েকটা দিন আমার কাছ থেকে দূরে আলাদা কক্ষে থাক। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে আপা তখন দুলাভাইকে বলেছিলেন ‘তোমার কিছু হয়ে গেলে আমার দূরে থেকে কি লাভ হবে বল? এমন কিছু হওয়ার আগে আল্লাহ যেন দুনিয়া থেকে তোমার আগে আমাকেই নিয়ে নেন’। এরপর মৃত্যুর আগ পর্যন্ত সার্বক্ষণিকভাবে করোনায় আক্রান্ত স্বামীর পাশেই ছিলেন আপা। ‘আল্লাহ যেন রুনু আপার সেই ডাকই কবুল করলেন’ বলেই আবারও কান্নায় ভেঙে পড়েন রহিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *