ইরানি হামলার পর ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার ইসরায়েলির আবেদন

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় পর্যুদস্ত ইসরায়েলিরা এখন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছেন।

এ জন্য প্রায় ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

সংবাদমাধ্যমটির খবর, ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরায়েলের কর কর্তৃপক্ষ। ১৩ জুন ইরান-ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এ তহবিল থেকে ক্ষতিপূরণ চেয়ে মোট ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘরবাড়ি-ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৩০ হাজার ৮০৯টি। এ ছাড়া ৩ হাজার ৭১৩টি আবেদন জমা পড়েছে যানবাহনের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে। যন্ত্রপাতি আর অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৮৫টি।

ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিমের তথ্যমতে, শুধু তেল আবিবেই ক্ষতিপূরণ চেয়ে ২৪ হাজার ৯৩২টির বেশি আবেদন জমা পড়েছে। দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে আবেদন জমা পড়েছে ১০ হাজার ৭৯৩টি।

ইসরায়েল সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদের কী পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটা এখনো জানানো হয়নি।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক দিন পর আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১২ দিন ধরে চলা ইহুদি রাষ্ট্রের আগ্রাসনে শহীদ কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা আগামী শনিবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। স্থানীয় ময় সকাল ৮টা থেকে এই আয়োজন শুরু হবে।

১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সংঘাতের মধ্যে ২১ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর জবাব দেয় ইরান। পরদিন ২৩ জুন কাতারের মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে ইরান হামলা চালায়। টানা ১২ দিন ধরে চলা এ সংকটের মধ্যে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা গতকাল মঙ্গলবার কার্যকর হয়েছে।

সংঘাতে ইরানের অন্তত ১৪ জন বিজ্ঞানীকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও।

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার সন্দেহে ইরানের খুজেস্তান প্রদেশে ২৩ জন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এমন তথ্য প্রকাশ করেছে। খবর আল জাজিরার।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ইরাক সীমান্তঘেঁষা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের সরকারি কৌঁসুলিরা এই ২৩ ব্যক্তির বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’ এবং ‘শত্রুর পক্ষে তথ্য সংগ্রহ ও প্রচার চালানোর’ মতো অভিযোগ এনেছেন।

তবে স্বাধীন গণমাধ্যম বা মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে আজ বুধবার তাসনিমের খবরে বলা হয়, উরমিয়া অঞ্চলে সরকারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও তিন ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান।

এ নিয়ে গত ১৩ জুন ইরানে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ৬ জনকে ফাঁসি দিয়েছে তেহরান।

ইরানের বিচার বিভাগ বলেছে, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার সন্দেহে গত ১২ দিনে অন্তত ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলার জবাব দিতে পিছপা হয়নি ইরানও। এক দিনের মধ্যে উপসাগরীয় দেশ কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। পরবর্তী সময়ে ট্রাম্পের উদ্যোগে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিন ধরে চলা সংঘাতের আপাতত লাগাম টানা হয় যুদ্ধবিরতি কার্যকর করে।

ট্রাম্পের নির্দেশে ইরানে হঠাৎ যুক্তরাষ্ট্রের হামলা চালানোর ঘটনা সমর্থন করছেন না বেশির ভাগ মার্কিন নাগরিক। সিএনএন/এসএসআরএসের সাম্প্রতিক এক জরিপে এই মনোভাব উঠে এসেছে। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার আগে জরিপটি করা হয়েছে।

জরিপে প্রশ্ন ছিল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সমর্থন করেন কি না? জবাবে জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশ মার্কিন বলেছেন, তাঁরা এটা সমর্থন করতে পারছেন না। আর হামলার পক্ষে রয়েছেন ৪৪ শতাংশ মার্কিন। ট্রাম্পের দল রিপাবলিকানদের মধ্যে ৮২ শতাংশ সামরিক পদক্ষেপের পক্ষে। অন্যদিকে ডেমোক্রেটিক দলের ৮৮ শতাংশ বলেন, এ পদক্ষেপ সমর্থনযোগ্য নয়।

জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশ মার্কিন বলছেন, ট্রাম্পের সামরিক পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের জন্য ইরান আরও বড় হুমকি হয়ে উঠবে। মাত্র ১৫ শতাংশ মনে করছেন, ইরান বড় হুমকি হবে না। ৮৫ শতাংশ ডেমোক্র্যাট মনে করছেন, ইরান আরও বড় হুমকি হয়ে উঠবে। রিপাবলিকানদের মধ্যে এ হার ৩০ শতাংশ।

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিয়েছেন—এমনটা মনে করছেন জরিপে অংশ নেওয়া মাত্র ২২ শতাংশ মার্কিন। ২৩ শতাংশ মাঝামাঝিতে বা নিরপেক্ষ অবস্থানে রয়েছেন। অন্যদিকে ৩৮ শতাংশ মনে করছেন, ট্রাম্পের সিদ্ধান্ত সঠিক ছিল না। রিপাবলিকানদের মধ্যে ৫১ শতাংশ মনে করছেন, ট্রাম্পের সিদ্ধান্ত সঠিক। ডেমোক্র্যাটদের ৭১ শতাংশের মতে, ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নেননি।

ইসরায়েল ও ইরানের মধ্যে প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর দুই পক্ষের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকার জন্য ট্রাম্পকে এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর আরটির।

নরওয়ের নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে মার্কিন রিপাবলিকান কংগ্রেস সদস্য আর্ল ‘বাডি’ কার্টার প্রেসিডেন্ট ট্রাম্পকে এ মনোনয়ন দেন। তিনি বলেন, ‘পশ্চিম জেরুজালেম ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকাটি ‘অসাধারণ ও ঐতিহাসিক।’

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা চালায়।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, এ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে তেহরান বলেছে, তাদের কোনো স্থাপনাই ধ্বংস হয়নি ও তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচি ছাড়ার প্রশ্নই ওঠে না।

গতকাল মঙ্গলবার ট্রাম্প ওই যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইসরায়েল ও ইরান আবারও একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই উভয় পক্ষকে কড়া ভাষায় তিরস্কার করেন ট্রাম্প। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনার পর ইসরায়েল আর নতুন করে হামলায় যায়নি।

হামলার অজুহাত বানাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপতথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই অভিযোগ করেন। খবর আরটির।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল মঙ্গলবার রুশ দূত ভাসিলি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। আর এসব হামলা তেজস্ক্রিয় দূষণের ‘বাস্তবিক ঝুঁকি তৈরি’ করেছে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদনের কথা উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, তাঁরা জোর দিয়ে বলতে চান, আইএইএর প্রতিবেদনে এমন কিছু বলা হয়নি যে, ইরান তাদের পারমাণবিক মজুত সামরিক বা গোপন উদ্দেশ্যে ব্যবহার করছে।

ইসরায়েলের ‘গুপ্তচর’ নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা।

ইরানের বার্তা সংস্থা ফার্সসহ দেশটির অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে ১২ দিন ধরে চলা সংঘাতের মাঝেই সন্দেহভাজন এসব গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়।

জেরুজালেমে মার্কিন দূতাবাসের ফটকফাইল ছবি: রয়টার্স
ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি দ্বিতীয় দিনের মতো কার্যকর থাকায় ইসরায়েলে মার্কিন দূতাবাসের সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার কার্যক্রম আবার শুরু হয়েছে। খবর আল-জাজিরার।

দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য জারি করা ‘নিরাপদ আশ্রয়ে থাকার’ নির্দেশনা তুলে নেওয়া হয়েছে।

পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার পরিষেবার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলো আবার স্বাভাবিক সময়সূচিতে চলবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৩০ জুন থেকে জেরুজালেম ও তেল আবিবে ভিসা কার্যক্রম আবার শুরু হবে।

কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে গত সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল-জাজিরার।

আমিরের দপ্তর (দিওয়ান) থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না। বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এটা উপসাগরীয় দেশটির (কাতার) জন্য কোনো হুমকি নয়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে। পেজেশকিয়ান আশা করেন, দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির ওপর ভিত্তি করে বজায় থাকবে।

গত সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। মধ্যপ্রাচ্যে এটাই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কাতারের প্রতিরক্ষা বাহিনী ১৮টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে।

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। আজ বুধবার ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক দিনের মাথায় এ ঘটনা ঘটল। খবর এএফপির।

ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে বিচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *