নিজস্ব প্রতিবেদক: যশোরে ৬টি আসনে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।
দিনভর জেলার বিভিন্ন কেন্দ্রে ছিল উৎসবের আবহ। ভোটারদের দীর্ঘ লাইনে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। কোথাও কোথাও বেসরকারি ফলাফলও বিজয়ীদের নাম জানা যাচ্ছে।
সকাল থেকে যশোর-৩ আসনের আব্দুর রাজ্জাক কলেজ কেন্দ্র, সেবা সংঘ মাধ্যমিক বিদ্যালয়, এমএন খান প্রাথমিক বিদ্যালয়, টিটিসি কলেজ কেন্দ্র, শীলা রায় মাধ্যমিক বিদ্যালয়, নিউটাউন বালিকা বিদ্যালয়, উপশহর মাধ্যমিক বিদ্যালয় ও শেখহাটি মাধ্যমিক বিদ্যালয়, শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, অভয়নগর, বাঘারপাড়া, কেশবপুরের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। দুপুর ২টার মধ্যে কিছু কেন্দ্রে ৫০ শতাংশ এবং কোথাও কোথাও ৬৫ শতাংশ ভোট পড়েছে। বিকাল চারটা বাজে কোন কোন কেন্দ্রে ৭৩ থেকে ৭৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা।
উপজেলার নোওপাড়া ইউনিয়নে ও চৌগাছার বাইশা ও বেনাপোলসহ কয়েকজন জামাতকর্মীর উপরে বিক্ষিপ্ত ছোটখাটো হামলার ঘটনা ছাড়া তেমন কোনো বড় ঘটনা চোখে পড়েনি। এমনকি কোথাও কোন বোমাবাজির শব্দ শোনা যায়নি, এতে স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা।
তবে ভোটের আগের দিন টাকার ছড়াছড়ির অভিযোগও তোলেন তিনি।
এবারই প্রথম যশোর জেলায় শতভাগ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় এনে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু রাখতে বিপুল সংখ্যক আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যের পাশাপাশি ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১২ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
যশোরের ছয়টি আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন, নারী ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ২৫ জন ভোটার রয়েছেন।