নিজস্ব প্রতিবেদক: প্রেমের ফাঁদে ফেলে রিমা খাতুন ওরফে লিমা (২২) নামে এক তরুণীকে ভারতে পাচার করে পতিতালয় বিক্রি দায়ে বিল্লাল হোসেন(২৮) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত (১৫ই আগস্ট) রাত আড়াইটার দিকে জেলার অভয়নগর উপজেলার চাকই মধ্যপাড়া গ্রামে অভিযুক্ত বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা।
গ্রেফতারকৃত বিল্লাল হোসেন ওই এলাকার মাহমুদ ফকিরের ছেলে। ভুক্তভোগী নারী অভয়নগর উপজেলার দিঘীরপাড় এলাকার মৃত খায়ের শেখের মেয়ে।
শনিবার রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই যশোর জেলা ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন (পিপিএম)।
তিনি জানান,যশোর জেলার অভয়নগর থানার দিঘীরপাড় এলাকার মৃত খায়ের শেখের মেয়ে রিমা খাতুন ওরফে লিমা (২২) এর স্বামী আংশিক বাক প্রতিবন্ধী। সেই কারণের রিমা খাতুন ওরফে লিমা চাকুরি খুঁজতেছিল। তার অসহায়ত্বের সুযোগ নিয়ে অভয়নগর এলাকার চাকই মধ্যপাড়া গ্রামের মাহমুদ ফকিরের ছেলে বিল্লাল হোসেন রিমা খাতুনের সাথে যোগাযোগ করে প্রথমে তাকে প্রেমের ফাঁদে ফেলেন। এরপর তাকে ঢাকায় গার্মেন্টসে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখান। একপর্যায়ে প্রতারক বিল্লাল হোসেন গত ২০২৪ সালের ২৯শে সেপ্টেম্বর তারিখ রাত ১০ টার দিকে ঢাকায় নেওয়ার কথা বলে ভিকটিমকে সুকৌশলে অবৈধ পথে ভারতে পাচার করে দেয়। এবছরের ১২ ই মার্চে রাত ৮ টার দিকে ভুক্তভোগী রিমা খাতুন ভারতীয় মোবাইল নম্বর থেকে তার বাড়িতে ফোন করে জানায়, বেল্লাল হোসেন সুকৌশলে তাকে ভারতের বেঙ্গালুরে নিয়ে যায় এবং বেল্লাল হোসেন তাকে সেখানে মরিয়ম খাতুন(৪৫) ও মফিজ(৪৮) নামে দুইজনের নিকট রেখে বাংলাদেশে চলে আসে। সেখানে তারা তাকে জোরপূর্বক পতিতালয়ে পতিতাবৃত্তির কাজে নিয়োজিত করেছে।
ওই ঘটনার পর ১৫ ই আগস্ট ২০২৫ তারিখে ভুক্তভোগী রিমার মামা বাদী হয়ে বিল্লাল হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে অভয়নগর থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করেন। মামলাটি স্পর্শকাতর হওয়ায় যশোরের পুলিশ সুপার মামলাটি তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন যশোরের পুলিশ সুপারের উপর।
পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-এর নেতৃত্ত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা পিএসআই মোঃ শামীম রেজা গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে অভয়নগরের চাকই মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বিল্লাল হোসেন গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন নারী পাচারের বিষয়টি স্বীকার করেছেন। শনিবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার রেশমা শারমিন।