নার্সারীর মালিক থেকে মহা প্রতারক, গড়ে তুলেছেন কয়েক কোটি টাকার প্রাসাদ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: সৈনিক পদে চাকরি করতেন। অনৈতিক কার্যকলাপের দায়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় সংশ্লিষ্ট দপ্তর।

এরপর যশোর চুড়ামনকাটি ছাতিয়ানতলা শানতলা এলাকায় কয়েক শতক জমি লিজ নিয়ে তৈরি করেন নার্সারি। নার্সারি করার পরে সূচাতুর নিজেকে কবির হোসেন মিলিটারি কবিরাজ আখ্যা দিয়ে এলাকায় প্রচার প্রচার প্রচারণা চালান। নিজের গাছে ফুল ফল না হলেও সূচাতুর কবির বিভিন্ন এলাকার বাজারের বাইন্নার বা বয়ার দোকান থেকে থেকে সংগ্রহ করেন হরতকি, আমলকি, কালোজিরা, মেথি, গোলমরিচ, দারুচিনি, অর্জুন, ত্রিফলা, শিমুল সহ নানা ধরনের উপকরণ। এরপর এ সব উপাদান সংগ্রহের পর সেগুলো বোতলজাত বা বোয়ামে করে তার ডেরায় স্তরে স্তরে সাজিয়ে রাখেন। নিজেকে মস্ত বড় কবিরাজ দাবি করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে নারী পুরুষের গোপন যৌন চিকিৎসা, ডায়াবেটিস ক্যান্সার, আলসার, কিডনি, স্টকজনিত কারণে প্যারালাইজসহ সর্ব রোগের চিকিৎসার চাটুকদার বিজ্ঞাপন প্রচার করেন। একই সাথে বিভিন্ন ক্লিনিক হসপিটালের ন্যায় এজেন্টের মাধ্যমে রোগী সংগ্রহ করেন। এরপর ভুক্তভোগীদের অর্থনৈতিক অবস্থা বুঝে তাদেরকে মোটা অংকের টাকা বিনিময়ে বাজার থেকে আগেই ক্রয় করে রাখা উপাদানের গুঁড়ার সাথে যৌন উত্তেজক ট্যাবলেট, বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেট গাছের গুঁড়োর কিছু অংশ তুলে দেন এসব রোগীদের হাতে। এসব রোগীদের কাছ থেকে ১০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে প্রতারক এ কবিরাজ। “ওষুধের কাজ না হলে বিফলে মূল্য ফেরত”এমন প্রতিশ্রুতিও প্রচার করেন। এসব ভুক্তভোগীরা ওষুধে সুফল না পাওয়ার পরে তাকে ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেন না। ভুক্তভোগীদের শাসাতে পতিত সরকারের আওয়ামী সন্ত্রাসী বাহিনীও পুষতেন তিনি। ৫ই আগস্টের আগে রোগীরা কবিরাজের দেয়া ঔষধের সুফল না পাওয়ায় টাকা ফেরতের দাবিতে কবিরাজের বাসায় আসলে আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে তাদেরকে খুন-গুমের ও হুমকি দিতেন এ কবিরাজ। এ এন্তার অভিযোগের পর কয়েক দফায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতারও করেন। কিন্তু প্রতিবার তিনি জেল থেকে জামিনে পেয়ে আরো বেপরোয়া হয়ে উঠেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/03/216202516237.jpg

অনুসন্ধানে জানা গেছে, প্রতারক খন্দকার কবীর হোসেনের গোপালগঞ্জের কোটালিপাড়ার নারকেলবাড়িয়া এলাকার ওসমান আলী খন্দকার ও রিজিয়া খাতুনের ছেলে। সে সেনাবাহিনী সৈনিক পদে চাকরি করতো। অনৈতিক ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। এরপর সে কিছুদিন গোপালগঞ্জ এলাকায় কবিরাজি করে মানুষের রোষানলে পড়েন। সেখান থেকে পালিয়ে আসেন যশোরে। যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের অধ্যাপক মসিউল আযমের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানে সে ছাদে কয়েকটি গাছ লাগানো শুরু করেন। এর এক বছর পর তিনি ছাতিয়ানতলা মল্লিক পাড়ায় মাসুদ পারভেজের বাসা ভাড়া নেন। তার পাশেই কয়েক শতক জমি লিজ নিয়ে কিছু গাছের চারা রোপন করেন। এবং নাম দেন ননী ফল নার্সারি। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নিজের গাছে ফুল ফল না হলেও নাম সর্বস্ব ননীফল নার্সারিকে পূজি করে শুরু হয় তার প্রতারণা ডালপালা। বিভিন্ন বাজারের বয়ার দোকান থেকে আমলকি, হর্তকি, অর্জুন সহ নানা গাছগাছড়ীর উপকরণ সংগ্রহ করেন এবং তার আস্তানায় স্তরে স্তরে  সাজিয়ে রাখেন। এসব দিয়েই প্রতারণার মাধ্যমে সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি হাজী খন্দকার কবির হোসেন মিলিটারি নাম ধারণ করে বহাল তবিয়তে প্রচার প্রচারণা চালাচ্ছেন ও প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/03/2162025162248.jpg

প্রতারণার অভিযোগে এ প্রতারক গত ২০২২ সালের ১৭ ই মে দুপুরে তাকে গ্রেফতার করেন যশোর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) এর লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান। ওই সময়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরীও যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতারণা ও আইন বহির্ভূত কার্যকলাপ পরিচালনার দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেন। এ সময়ে তাঁর আস্তানা থেকে বিপুল পরিমাণ শুকনা গাছ, লতা ও গাছের শিকড় জব্দ করেন।

২০২৩ সালের ১৪ জানুয়ারি রাতে কুষ্টিয়া সদর থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় খন্দকার কবীর ফের নিজ বাড়ি থেকে আটক হন। কুষ্টিয়ার সরকারি একটি দফতরে অফিস সহকারী পদে কর্মরত তানজিল নামের  ঐ ব্যক্তি খন্দকার কবীর হোসেনের ফাঁদে পড়ে চিকিৎসায় প্রতারিত হয়ে ঐ মামলা দায়ের করেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/03/2162025162211.jpg

সানতলা এলাকার আব্দুস সালাম জানান,ডিজিটাল প্লাটফর্মে চিকিৎসার নামে প্রতারণা করে দণ্ডিত প্রতারক খন্দকার কবীর হোসেন কোটি কোটি টাকার মালিক হয়েছে। সহজ সরল মানুষ ঠকিয়ে এখানে ছয়তলা ও চারতলা দুটি আলিশান বাড়ি করেছেন। ছাতিয়ানতলার মল্লিকপাড়ায় রয়েছে আরও একটি চারতলা বাড়ি। এছাড়া বিভিন্ন এলাকায় কিনেছেন কয়েকশো বিঘা জমি। আইনের ফাক ফোকর দিয়ে বের হয়ে তিনি বারবারই এ অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগী মিথু চাকলাদার বলেন, ২০২২ সালে আমার শাশুড়ির ক্যান্সার নিরাময়ে ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে ওষুধ দেন খন্দকার কবীর। চিকিৎসা বাবদ নেয়া ৭০ হাজার টাকা। বলা হয় এই ওষুধ খেলে কেমোথেরাপি ছাড়াই ক্যান্সার ভালো হয়ে যাবে। কিন্তু ওষুধ খাওয়ানোর কিছু দিন পর তার শাশুড়ি মারা যান। ডিজিটাল প্লাটফর্মে চাটকদারি বিজ্ঞাপন দিয়ে আমার মত হাজার হাজার মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এসব অবৈধ টাকা দিয়ে খন্দকার কবীর এখানে গড়েছেন রাজপ্রাসাদ। তার প্রতারণা থেকে রক্ষা পায়নি তার প্রতিবেশী আব্দুর রাজ্জাকও। তার মায়ের ক্যান্সার চিকিৎসার নামেও হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/03/2162025162229.jpg

নিরব নামে এক যুবক বলেন, চাতুর কবির খন্দকার আগে নিজেকে গোপালগঞ্জে নাগরিক বলে প্রচার প্রচারণা করতো। ভয় দেখাতো শেখ হাসিনা ও তার প্রভাবশালী নেতাদের। তাদের সঙ্গে তার নাকি নিবিড় সম্পর্ক রয়েছে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এখন নিজেকে বরিশালের লোক বলে পরিচয় দিয়ে থাকেন। এমনকি ৫ই আগস্টে আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুষতেন নির্বিঘ্নে প্রতারণা চালানোর জন্য। ওষুধের কাজ না হলে ভুক্তভোগীরা তার বাড়িতে আসলে তাকে খুন গুমের হুমকি দেয়া হতো। নিরুপায় হয়ে ভুক্তভোগীরা এখান থেকে কোনরকম জীবন নিয়ে পালিয়ে যেত। অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ কয়েকবার তার বিরুদ্ধে মানববন্ধনও করেছে। আটক হয়েছে কয়েকবার কিন্তু অবৈধ টাকার জোরে বার বার জামিনে পেয়েছেন । জেল থেকে এসে তিনি আবার সেই একই কাজই করেন। বর্তমানে কবীরের ভয়ে সবাই তটস্থ থাকেন। মুখ বুঝে তার প্রতারণা সহ্য করেন। বিভিন্ন সময়ে  তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন দপ্তরে অভিযোগও হয়েছে কিন্তু তারপরেও তিনি রয়েছে ধরাছোঁয়ার বাইরে। বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সময়ে এলাকার মানুষ ও ভুক্তভোগীদের ভয় দেখানোর জন্য বাড়িতে অবৈধভাবে পুষেছেন ২০ থেকে ২২ টি রাশিয়ান ও জার্মানি কুকুর। আগে ভুক্তভোগীদের আওয়ামী লীগ সন্ত্রাসীদের দিয়ে ভয় দেখাতো। এখন ভয় দেখায় রাশিয়ান ও জার্মানি কুকুর দিয়ে।

প্রতারণার শিকার লক্ষীপুরের কমলনগর থানার চরকাদিয়া গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে সোহেল বলেন , কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠানোর নামে কবীর তার কাছ থেকে হাতিয়ে নিয়েছেন সাড়ে ৯ হাজার টাকা। এই ঘটনায় প্রতারিত সোহেল লক্ষীপুর থানায় একটি জিডি করেছিলেন। তবে পুলিশের অবহেলার কারণে এখনো পর্যন্ত সেই অভিযোগের কোন কুলকিনারা হয়নি।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/03/Cheat-kobir.jpeg
                  প্রতারক খন্দকার কবির হোসেন মিলিটারি 

স্থানীয় একাধিক সূত্রগুলো জানিয়েছেন, কবির এলাকায় মহা টাউট নামে পরিচিত। নাম সর্বস্ব কয়েক টা গাছ লাগিয়ে প্রতারণা শুরু করে। ওইসব গাছে কখনো ফুল অথবা ফল দেখেনি কেউ। বাজার থেকে বয়ার দোকান থেকে গাছগাছাড়ী কিনে তাতে এলাপতি ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট মিশিয়ে সে দীর্ঘদিন ধরে সহজ সরল মানুষের সাথে প্রতারণা করে আসছে। সে প্রতারণার মাধ্যমে ইতোমধ্যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। যশোরে তিনটি আলিশান বাড়ি তৈরি করেছেন। এরমধ্যে ছাতিয়ানতলা মল্লিকপাড়ায় চার তলা বাড়ি, খিতিবদিয়া গ্রামে দুটির একটি ছয় তলা ও অপরটি চার তলা। যার একটি খিতিবদিয়া পুকুর মোড় ও অপরটি কলাবাগান রোডে অবস্থিত। জমি কিনে তিনি এসব আলিশান বাড়ি নির্মাণ করেছেন। এছাড়াও ছাতিয়ানতলা মল্লিক পাড়া, খিতিবদিয়া,শানতলা, গোপালগঞ্জে, বরিশালসহ বিভিন্নস্থানে নামে-বেনামে আরো কয়েক কোটি টাকা মূল্যের জমি কিনেছেন। বরিশাল ও গোপালগঞ্জে কবীরের আরো দুটি আলিশান বাড়ি রয়েছে। তারা আরো জানান,প্রতারণার অভিযোগে ১৭ অক্টোবর কোতোয়ালি মডেল থানা পুলিশ খন্দকার কবীর হোসেনের ডেরায় অভিযান চালায়। এসময়ে সূচাতুর কবীর হোসেন পালিয়ে রক্ষা পেলেও তার চার সহযোগীকে আটক করে পুলিশ। পরে এস আই মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে কবীর ও তার ৪ সহযোগীর নামে মামলা দায়ের করেন। কিছু দিন গাঁ ঢাকা দিয়ে থাকার পর তিনি ফের প্রতারণা ব্যবসা শুরু করেন।

বিষয়টি নিয়ে কয়েক দফায় কবিরাজ কবির খন্দকারের মুঠোফোনে সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে যশোরের সিভিল সার্জন ডা.মো: মাসুদ রানারর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে চিকিৎসার নামে কেউ প্রতারণার করলে কাউকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি না। তবে এই ধরনের অপরাধ গুরুতর অপরাধ। মানুষের যৌন ও ক্যান্সার চিকিৎসার মত স্পর্শকাতর বিষয় নিয়ে নামে প্রতারণা কখনোই কাম্য নয়। এদের বিরুদ্ধে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *