নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে আওয়ামী লীগ নেতার অবৈধ তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ই মার্চ) বেলা বারোটা ১৫ মিনিটের দিকে মনিরামপুর উপজেলার খেদাপাড়ার এস এম আব্দুল হকের বাড়িতে অবৈধভাবে গড়ে তোলা তেলের ডিপোতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খেদাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভোলার ভাই।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার গুরুতর আহত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা বারোটা বিশ মিনিটে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু বাসা বাড়িতে তেলের ডিপোতে পেট্রোল-ডিজেল, কেরোসিন ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। সাথে সাথে যশোর ও ঝিকরগাছা ফায়ার স্টেশনকে জানানো হয়। আমাদের দুইটি ইউনিটের সাথে ঝিকরগাছার দুইটি ও যশোরের দুইটি ইউনিট সহ মোট ছয়টি ইউনিট একযোগে কাজ করে দু’ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের অন্য কোন কারণ আছে কিনা সে বিষয়েও তদন্ত চালান হচ্ছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে হঠাৎ করে সাবেক ইউপি চেয়ারম্যান এস এম আব্দুল হকের বাড়ির নিচে পেট্রোল-ডিজেল ও গ্যাসের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, মনিরামপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে যশোর ও ঝিকরগাছা থেকে আরো চারটি ইউনিট এসে তাদের সঙ্গে একযোগে কাজ করে দুই ঘন্টা প্রাণপণ চেষ্টা ফলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কি কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।
বিষয়টি নিয়ে যশোর পরিবেশন অধিদপ্তরের পরিচালক নুরুল আলমের মুঠোফোনে বারবার সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আমিনুর মোহাম্মদ গাজী , বলেন, অগ্নিকান্ডের ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অন্য কোন কারণ আছে কিনা সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
আওয়ামী লীগ নেতার তেলের ডিপোর ফায়ার সার্ভিসের কোন লাইসেন্স নেওয়া আছে কিনা জানতে চাইলে যশোর ফায়ার সার্ভিসের সহকারী-পরিচালক মামুনুর রশিদ জানান আমাদের অফিস বন্ধ হয়ে গেছে। তাই এটা এখন খোঁজখবর নেয়া সম্ভব নয়।