নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আমদানি ফলে অতিরিক্ত শুল্ক আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমেছে অনেকাংশই। আমদানি কমার সাথে সাথে রাজস্ব ও কমেছে সরকারের।
অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে ফল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে আমদানি কারকারা।
ভারত থেকে ফল আমদানি কারক রয়েল এন্টারপ্রাইজের মালিক রয়েল জানান,বিগত দিনে ভারত থেকে প্রতিদিন শুধুমাত্র ফল আমদানিতে সরকার রাজস্ব পেতো ২৫ কোটি টাকা। ৯ জানুয়ারি আমদানি করা তাজা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করে সরকার। দশ শতাংশ শুল্ক বৃদ্ধির কারণে বর্তমানে এখান থেকে রাজস্ব এসে দাঁড়িয়েছে ৫ কোটিতে। ফলের ওপর অতিরিক্ত শুল্ক কর আরোপ করার প্রতিবাদে ফল ব্যবসায়ীরা ভারত থেকে ফল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছেন। ৫ ও ৬ তারিখ পর্যন্ত ভারত থেকে সব ধরনের ফল আমদানি, বন্ধ থাকবে। অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করা হলে পুনরায় ব্যবসায়ীরা বৈঠকে বসে পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান এ ব্যবসায়ী।
আমদানি ও রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ফল আমদানিতে সরকার হঠাৎ করে সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে। যার প্রভাব পড়েছে বেনাপোল সহ দেশের বিভিন্ন স্থলবন্দরের ওপর। যার কারণে আমদানি অর্ধেকেরও নিচে নেমে এসেছে। এর ফলশ্রুতিতে ঢাকার বাদামতলীর ফল ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আজ ৪ ফেব্রুয়ারি থেকে ফল আমদানি বন্ধের ঘোষণা করেছে। ফল ক্রেতা আতাউর রহমান বলেন, সরকার হঠাৎ করে ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। সে জন্য বাজারে ফলের দাম বেড়ে গেছে। আসছে রমজান মাসে ফলের দাম আরও বেড়ে যাবে। এ কারণে বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
বিষয়টি নিয়ে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সুশান্ত পাল জানান,গত কয়েক মাস ধরে ফলের আমদানি কমে গেছে। এর ওপর সরকার অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। আগে প্রতিদিন এই বন্দর দিয়ে ৫০-৬০ ট্রাক ফল আমদানি হতো। মাত্র কয়েকদিনে তা অর্ধেকে নেমে এসেছে। এখানে তাদের কিছু করণীয় নেই। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশেই অতিরক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।