নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে আব্দুর রশিদ গাইন (৫২) নামে এক নৈশো প্রহরী নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে মারা গেছেন।
তিনি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের জোহর আলী গাইনের ছেলে। রাজগঞ্জ এলাকায় একটি মাঠে ঠিকাদারের নির্মাণ সামগ্রীর নৈশ প্রহরীর কাজ করতেন। তিনি সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সহ প্রচার সম্পাদক পদের ও দায়িত্বে ছিলেন।
ঘটনাটি ঘটেছে শনিবার বেলা তিনটার দিকে উপজেলার হাকিমপুর বাবুর মোড় নামক স্থানে।
খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন জানান, শনিবার সকালে হাকিমপুর এলাকার রাস্তার ধারে একটি খাদে আব্দুর রশিদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তারা আমাদের ফোনে জানান। আমরা ঘটনাস্থলে যেয়ে আব্দুর রশিদের লাশের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেল পড়ে থাকতে দেখেছি। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এটা নিশ্চিত হওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত হলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, কেশবপুর-পুলেরহাট ভায়া রাজগঞ্জ সড়ক সংস্কারের কাজ চলছে। রাজগঞ্জ এলাকায় একটি মাঠে ঠিকাদারের নির্মাণ সামগ্রী রাখা আছে। আব্দুর রশিদ সেখানে নৈশ প্রহরীর কাজ করতেন। শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেল চালিয়ে কেশবপুরের বাড়িতে ফিরছিলেন আব্দুর রশিদ। হাকিমপুর বাবুর মোড়ে রাস্তার একটি বাক রয়েছে। বাক ঘুরতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচের খাদে পড়ে মারা যান। পরে মৃত্যু উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।