নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে বাসের ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এই ঘটনায় হারুন (৫০) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন।
রোববার (৫ই জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সার গোডাউনের সামনে যশোর গামী একটি বাস সিএনজিকে চাপা দিলেই সিএনজিটা চূর্ণ-বিচনা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি সদর উপজেলার কাশেমপুর ইউনিয়নের সরইডাঙ্গা গ্রামের আহাদ আলী বিশ্বাসের ছেলে।
আহতরা হলেন- সদর উপজেলার কাশেমপুর ইউনিয়নের সরইডাঙ্গা গ্রামের ফারুক হোসেন, ফারুক রহমান, লিটন, রজিনা, নাসিমা, আবু বক্কর, বাচ্চু ও শামীম।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত ও আহত ব্যক্তিরা সকালে সদর উপজেলার হালসা গ্রামের এক মৃত আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময়ে একটি বাস সিএনজিটাকে চাপা দিলে ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয় এবং আহত হয় সিএনজির আরো আটজন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার রেকর্ড করা হয়েছে। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি।