ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রেজাউল করিম (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহটি সীমান্তের ওপারে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা।
গত বৃহস্পতিবার (২৪ই অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সীপাড়া বিজিবি ক্যাম্প দিগলবাঘ সীমান্ত এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম শেরপুর জেলার নারায়ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পেশায় তিনি একজন ওষুধ ব্যবসায়ী। শেরপুর জেলার নারায়ণপুর টাউনে মের্সাস রেজাউল মেডিকেল হল নামে ওষুধের ব্যবসা রয়েছে।
জানা যায়, রেজাউল করিম একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। স্বল্পমূল্যে ওষুধ আনতে ভারতে যান।বৃহস্পতিবার রাত ৯টার সীমান্তে বিকট গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ওই রাতে রেজাউল করিম আর ফেরত আসেননি। বিজিবি জানায়, অবৈধভাবে ভারত থেকে ওষুধ আনার সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন।
শনিবার (২৬ অক্টোবর) সকালে মুন্সীপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী জানান, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। লাশ হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিএসএফ এর সাথে বৈঠকের প্রস্তুতি নিয়েছি। উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।