যশোরে নাতির হাতে দাদি, চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হাতে কর্মী খুন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক দু’টি ঘটনায় দু’জন খুন হয়েছে। যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদকাসক্ত নাতি বাদশার (৪২) লাঠির আঘাতে দাদী  জবেদা বেগম (৬৭) মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য জয়দা বেগমকে খুলনা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে রূপদিয়া বাজার শ্মশানপাড়ায় জবেদার ছেলে ইসমাইল হোসেনের সাথে তার মাদকাসক্ত ছেলে বাদশার ইজিভ্যানের ব্যাটারি বিক্রি নিয়ে কথা কাটাকাটি চলছিলো। এ সময়ে বাদশার দাদী জবেদা খাতুন এগিয়ে এলে বাদশার হাতে থাকা লাঠি দিয়ে দাদী জবেদা খাতুনের মাথায় আঘাত করলে দাদী জাবেদা খাতুন মাটিতে লুটিয়ে পড়ে। ঠেকাতে গিয়ে বাদশার কাকা সিদ্দিক আলী ও কাকাতো বোন গুরুতর আহত হয়। পরে জাবেদা খাতুনকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাদশাকে স্থানীয়রা ধরে পুলিশের সোপর্দ করেছেন।

অন্যদিকে, রোববার (১০ই সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের নিমতলী ট্যাকের বাজারে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর হামলায় রাকিব (২২)সহ পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাকিবের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাকিব চাউলিয়া হাইওয়ে তেলপাম্পপাড়ার শাহাবুদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত রাকিবের পিতা শাহাবুদ্দিনের অভিযোগ, শনিবার যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পিতা কচুয়া ইউনিয়নের কৃতি সন্তান কাজী শাহেদ আহমেদ স্মরণে শোকসভা করা হয়। এ কারণে চেয়ারম্যান লুৎফর রহমানের সন্ত্রাসী বাহিনীরা তাদের ওপর ক্ষিপ্ত ছিলো। একপর্যায়ে চেয়ারম্যান লুৎফুর রহমান ধাবকের ভাইপো হাফিজ ধাবক, সামাদ ধাবক, মুস্তাক ধাবক, আজিজ ধাবক, মফিজ ধাবক ও চেয়ারম্যানের ভাগ্নে ইসমাইল গাজী লাঠি, শাবল, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাকিবের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মেডিকেলে তার মৃত্যু হয়।

 

জানতে চাইলে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দু’টি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *