তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক:দেশের প্রধান ও সর্ব বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। ভারত থেকে প্রতিনিয়ত আমদানিকৃত মালামাল নিয়ে রাখা হয় এই বন্দরের সেডগুলোতে। বন্দরের সেডগুলোতে ও সেডের বাইরের মাঠে সব মিলিয়ে হাজার কোটি টাকার অধিক মূল্যের মালামাল সংরক্ষিত থাকে। অথচ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বন্দর বাউন্ডারি বা প্রাচীর ঘিরতে এ বিপুল পরিমাণ টাকার মালামাল উন্মক্ত করে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় স্থানীয়দের মধ্যে হাস্যরসের খোরাক জুগিয়েছে।

সোমবার দুপুরে সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, বন্দরের পূর্বের প্রাচীর ছিল তিন মিটার উচ্চতা। সেই উচ্চতা ডিঙিয়ে বন্দরের গোডাউনের সেট থেকে অহরহ মালামাল চুরি হত। এসব মালামাল চুরি করত বন্দরের আশেপাশের কয়েকটি চিহ্নিত চোর সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের রয়েছে শতাধিক সদস্য। পত্রপত্রিকায় এসব বিষয়ে দফায় দফায় লেখালেখির পর বন্দর কর্তৃপক্ষের টনক নড়ে। সিদ্ধান্ত হয় সেই প্রাচীর ভেঙে নতুন করে সুউচ্চতার ৪. ৬৭ মিটার প্রাচীর নির্মাণের। একপর্যায়ে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে গত পহেলা জানুয়ারি ২০২১ সালের অক্টোবর থেকে ৩৯ কোটি টাকা ব্যয় ৪ হাজার ৮০০ মিটার দৈর্ঘ্যের এই প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়। কাজটি পায় ঢাকার ধানমন্ডির হামিম ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরু থেকেই কোন ধরনের অস্থায়ী নিরাপত্তা বেড়া ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পুরাতন প্রাচীর ভেঙে ফেলে বন্দরকে উন্মুক্ত রেখে নতুন প্রাচীর নির্মাণের কাজ চালাচ্ছে। ২০২৪ সালের জুনে কাজটির শেষ হওয়ার মেয়াদ। ফলে দিনে ও রাতের আধারে ভারত থেকে আনা মূল্যবান পণ্য বন্দর থেকে পাচার করে নিয়ে যাচ্ছে চোর সিন্ডিকেটের সদস্যরা। এছাড়া বন্দরের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। যত্রতত্র খোলা জায়গা দিয়ে বহিরাগতরা ঢুকে পড়ছে বন্দরের ভিতরে। এছাড়া প্রাচীর নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালু-সিমেন্ট। বালুও পাথরের রেশিও ঠিক রাখছে না ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ছয়টা বালি তিনটে পাথর একটা সিমেন্ট দিয়েই চলছে ঢালাইয়ের কাজ।

বেনাপোলের ব্যবসায়ী বকুল এন্ড ব্রাদার্স ও বকুল ট্রেডের স্বথাধিকারী আমিরুল ইসলাম বাবু বলেন, বেনাপোল বন্দরের থেকে আমার আমদানিকৃত মালামাল অহরহ কম হয়। কিন্তু অনেকবার অভিযোগ করেছি বন্দর কর্তৃপক্ষের কাছে। কিন্তু কোন লাভ হয়নি। বরং অভিযোগের ফলে আরো সমস্যা তৈরি হয়। বিষয়টি নিয়ে বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনেরও দ্বারস্থ হয়েছি। আমদানিকৃত মালামাল কম হওয়া ও চুরির বিষয়টি নিয়ে আলোচনা হয়। কিন্তু কখনো সমস্যার সমাধান হয়নি।
বন্দরের আশেপাশের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, ভারত থেকে আমদানিকৃত মালামাল নিয়ে এসে বেনাপোল বন্দরের ভিতরের গোডাউনে রাখা হয়। অনেক সময় বন্দরের গোডাউনে জায়গা সংকটের কারণে খোলা মাঠেই রেখে দেওয়া হয়। আগে তো কিছু অসাধু বন্দরের স্টোরকিপার ও আনসার সদস্যদের সহযোগিতায় এসব মালামাল প্রাচীর ডিঙ্গীয়ে পাচার হতো। নতুন করে প্রাচীর তৈরি করতে গিয়ে এখনতো একেবারে উন্মুক্ত। বন্দরে প্রবেশের জন্য কোন ধরনের প্রতিবন্ধকতা নেই। তাহলে বোঝা যায় বন্দর থেকে কি পরিমাণে মালামাল পাচার হচ্ছে। আরো জানা যায় ,বন্দরের আশেপাশে চোর সিন্ডিকেটের চক্রের সদস্যরা এসব আমদানিকৃত মালামালের মধ্যে ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে আসে। এরপর বন্দরের আশেপাশের রাস্তা থেকে ও বন্দরের ভেতর থেকে এসব মালামাল চক্রের লোকজন নিজেদের জিম্মায় নেয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান হামিম ইন্টারন্যাশনালের পরিচালক শহিদুল ইসলামের মুঠোফোনের সংযোগ দিয়ে তার কাছে প্রাচীর তৈরীর সময়ে বন্দরের মালামালের নিরাপত্তার জন্য অস্থায়ী নিরাপত্তা বেষ্টনী না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশ বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩৯ কোটি টাকার প্রাচীন নির্মাণ চলছে। পূর্বের কম উচ্চতার প্রাচীর ভেঙে ফেলে নতুন করে ৪.৬৭ মিটার উচ্চতার প্রাচীর তৈরি করা হচ্ছে। এসব কাজ করতে হলে বন্দর কিছুদিনের জন্য খোলা রাখতেই হবে। এসব কাজ দেখাশোনার জন্য একটা কনসালটেন্সি ফার্ম রয়েছে। তাছাড়া বন্দরের মালামালের নিরাপত্তার জন্য আনসার ও বন্দর কর্তৃপক্ষ রয়েছে। তাই এটা নিয়ে আমাদের খুব একটা ভাবার প্রয়োজন নেই বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বন্দরের মালামাল প্রায় সময়ে কম হয়। তবে এসব মালামাল আসলে ভারত থেকে কম আসে, নাকি বন্দরের শেড থেকে চুরি হয়ে যায়, সেটা আমার জানা নেই।
বিষয়টি নিয়ে বেনাপোল বন্দর পরিচালক মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা। এটি আমাদের বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল ভালো বলতে পারবেন। তাছাড়া কাজটি ঢাকা থেকে সরাসরি করানো হচ্ছে। তাই কাজের পরিচালকের সঙ্গে কথা বললে বিষয়টি ভালোভাবে জানা যাবে।

বিষয়টি নিয়ে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিলের মুঠোফোনে দফায় দফায় ফোন দিলেও তিনি তার ফোনটা রিসিভ করেননি।
বন্দরের প্রকল্প পরিচালক সরোয়ার হোসেনের মুঠোফোনেও বারবার সংযোগ দেওয়া তাকে পাওয়া যায়নি।