৬ কোটি ৭৪ লাখ টাকা চেক জালিয়াতি,যশোর শিক্ষা বোর্ডের ১১ জনের বিরুদ্ধে চার্জশিট

নিউজটি শেয়ার লাইক দিন

৬ কোটি ৭৪ লাখ টাকা চেক জালিয়াতি,যশোর শিক্ষা বোর্ডের ১১ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিনিধি:  ৬ কোটি সাড়ে ৭৪ লাখ ৪৩ হাজার তিন টাকা আত্মসাতের মামলায় বরখাস্ত হিসাব সহকারী আব্দুস সালাম ও ঠিকাদার শরিফুল ইসলামসহ যশোর শিক্ষাবোর্ডের ১১ জনের নামে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ই অক্টোবর) বিকালে যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের যশোরের উপ-পরিচালক আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- শিক্ষা বোর্ডের বরখাস্ত হওয়া হিসাব সহকারী আব্দুস সালাম, ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের প্রোপ্রাইটার শরিফুল ইসলাম, উপ-শহর জামরুলতলা রোড এলাকার বাসিন্দা আশরাফুল আলম, পোস্ট অফিসপাড়ার গাজী নূর ইসলাম, বড়বাজার জামে মসজিদ লেনের প্রত্যাশা প্রিন্টিং প্রেসের প্রোপ্রাইটার রুপালী খাতুন, উপশহর ই-ব্লকের সহিদুল ইসলাম, রকিব মোস্তফা, শিক্ষা বোর্ডের সহকারী মূল্যায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, নিম্নমান সহকারী জুলফিকার আলী, চেক ডেসপাসকারী মিজানুর রহমান ও কবির হোসেন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, যশোর শিক্ষা বোর্ডের প্রায় ২৫টি হিসাব সোনালী ব্যাংক লিমিটেডের যশোর বিআইএসই শাখায় পরিচালিত হয়। এর মধ্যে একটি হিসাবের সিগনেটরি বোর্ডের সচিব ও চেয়ারম্যান। ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ওই হিসাব থেকে ৩৮টি চেক জালিয়াতি করে বিভিন্ন ব্যাংকে জমা দিয়ে ক্লিয়ারিংয়ের মাধ্যমে ২৩ লাখ ৫৪ হাজার ৭০৬ টাকার স্থলে সর্বমোট ছয় কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৩৯৭ টাকা উত্তোলন করা হয়।

৩৮টি চেকের মধ্যে টিএ/ডিএ বিল বাবদ আসামি আব্দুস সালামের নামে ইস্যু করা চেক তিনটি, সাধারণ বিল বাবদ সহকারী সচিব আশরাফুল ইসলামের নামে ইস্যু করা চেক একটি, মিম প্রিন্টিং প্রেসের নামে ইস্যু করা চেক তিনটি, মেসার্স খাজা প্রিন্টিং প্রেসের নামে ইস্যুকৃত চেক দুটি, নিহার প্রিন্টিং প্রেসের নামে ইস্যুকৃত চেক ১টি, সবুজ প্রিন্টিং প্রেসের নামে ইস্যু করা চেক একটি, শরিফ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামে ইস্যু করা চেক একটি, সানিয়া ইলেক্ট্রনিকসের নামে ইস্যু করা চেক একটি, নুর এন্টারপ্রাইজের নামে ইস্যু করা চেক আটটি, প্রত্যাশা প্রিন্টিং প্রেসের নামে ইস্যু করা চেক তিনটি, শাহী লাল স্টোর নামে ইস্যু করা চেক একটি, দেশ প্রিন্টার্স নামে ইস্যু করা চেক একটি, সেকশন অফিসার আবুল কালাম আজাদের নামে ইস্যু করা চেক একটি, অর্পানেটের নামে ইস্যু করা চেক একটি, আয়কর কর্তন বাবদ ইস্যু করা চেক চারটি ও ভ্যাট কর্তন বাবদ ইস্যু করা চেক ছয়টি।

এর মধ্যে ১৬ টি চেক আসামি আব্দুস সালাম নিজে রিসিভ করেন। অবশিষ্ট ২২টি চেক আসামি শেখ শরিফুল ইসলাম ডেসপাস রাইডার জুলফিকার আলী, মিজানুর রহমান ও কবির হোসেনের সহায়তায় নিজে গ্রহণ করেন। এরপর ওইসব চেকের টাকার অঙ্ক ঘষামাজার মাধ্যমে অবমোচন করে পরিমাণ বাড়িয়ে লিখে প্রিন্ট করে উত্তোলন করেন। যার মাধ্যমে আসামিরা পারস্পরিক সহায়তায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মূল টাকার অতিরিক্ত ছয় কোটি ৭৪ লাখ ৪৩ হাজার তিন টাকা আত্মসাৎ করে। এ জন্য দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আসামিদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, তদন্তকালে চেক সিগনেটরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম, অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন কর্মরত ছিলেন। উক্ত সময়ে ড. মোল্লা আমীর হোসেনসহ তিন জন সচিব কর্মরত ছিলেন।

উল্লেখ্য, ড. মোল্লা আমীর হোসেন, সচিব প্রফেসর এ এম এইচ আলী আর রেজা ও প্রফেসর তবিবার রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের এ মামলা থেকে অব্যহতির সুপারিশ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *