স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী মঙ্গলবার (২৭শে জানুয়ারী) যশোরে আসছেন।
রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর ও ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল, যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের, সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা দপ্তর সম্পাদক নূর আল-মামুন ও জেলার দপ্তর ও প্রচার সম্পাদক শাহাবুদ্দীন বিশ্বাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় যশোর ঈদগাহ ময়দানে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। জনসভা সফল করতে যশোরের আটটি উপজেলায় ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, আমিরে জামায়াতের এই সফরকে ঘিরে যশোরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, এটি একটি ঐতিহাসিক জনসভায় পরিণত হবে এবং এর মধ্য দিয়ে যশোরের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন উদ্দীপনা তৈরি হবে।
এই জনসভায় যশোরের ৬টি সংসদীয় আসনে ‘১০-দলীয় জোট’ সমর্থিত প্রার্থীসহ অন্তত তিন লক্ষ লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।