সাবেক এমপিও শেখ হাসিনার সামরিক সচিব সালাহউদ্দিন মিয়াজী যৌথবাহিনীর হেফাজতে
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক জাকির হোসেনকে তার নিজের বিনোদন কেন্দ্র ‘শ্যামল ছায়ায়’ অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।
মঙ্গলবার রাত আটটার দিকে যশোর জেলার সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে ‘শ্যামলছায়া পার্কে’ তাদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
পরে রাত পৌনে ১১টার দিকে খবর পেয়ে যৌথ বাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক দীর্ঘদিন তাদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুল সংখ্যক জনতা তাদের ঘিরে ফেলে।
এসময় তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ যৌথবাহিনীর সদস্যরা সেখানে যান। এসময় তারা উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত জনতা সালাহউদ্দিন মিয়াজী ও তার সঙ্গীকে গ্রেফতার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আল্টিমেটাম দেন। এক পর্যায়ে রাত পৌনে ১১টার দিকে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেন যৌথবাহিনীর সদস্যরা। তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শিক্ষার্থীরা বলেন, এখানে শেখ হাসিনার ডামি এমপি মিয়াজি আত্মগোপনে রয়েছে শুনে আমরা পার্কে আসি। কিন্তু আমাদের মারধর করেন পার্কের লোকজন। পরে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে স্লোগান দিতে থাকেন। রাত এগারোটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজির হন। এবং ছাত্র-জনতা কে শান্ত করে তাদেরকে হেফাজতে নান।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন বলেন, রাত আটটার দিকে খবর পেয়ে যৌথ বাহিনী সদস্য ঘটনাস্থলে গিয়ে ঝিনাইদহ তিন আসনের সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেন। ইতিমধ্যে তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরপরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।