সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

সাতক্ষীরা সংবাদদাতা:সাতক্ষীরায় ‘গুলিবিনিময়ে’ লিয়াকত আলী নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিজেদের দু’পক্ষের গুলিবিনিময়ে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিলে এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলেম আলী সরদারের ছেলে এবং একজন শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ভোরে কয়ারবিল এলাকায় দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় হচ্ছে- এমন খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযানে গেলে গুলিবিদ্ধ অবস্থায় লিয়াকত আলীকে পড়ে থাকতে দেখে। এসময় তার পাশে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি হাঁসুয়া, ৫০ বোতল ফেনসিডিল ও ২শ’ পিস ইয়াবা পড়ে ছিল। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *