নিজস্ব প্রতিবেদক: যশোর শার্শা সীমান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়ে প্রতিপক্ষের হামলায় হামলায় দলীয় অফিস ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। হামলায় আতিয়ার (৫৮) ও শফিকুল ইসলাম (৫৫) নামে দু’জন গুরুতর আহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত আতিয়ার রওশান আলীর ছেলে ও শফিকুল ইসলাম একই গ্রামের সৈয়দ আলী গাইনের ছেলে তারা দু’জনেই হামিদ গ্রুপের সমর্থক।
জানা গেছে, গোগা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সরোয়ার হোসেনের কর্মি বাবলুসহ বেশ কয়েকজন মিলে এলাকার আবুল হোসেনের কাছে পাওনা টাকার সালিশ করছিলেন। এতে বাধা দেন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদারের সমর্থকরা।
এরই জের ধরে সোমবার রাতে অগ্রভুলোট বাজারে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় সরোয়ার গ্রুপের লোকজন গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার গ্রুপের সমর্থক আতিয়ার রহমান ও শরিফুল ইসলামকে হাতুড়ি পেটা করে গুরুতর যখম করেন। এরমধ্যে আহত আতিয়ারের অবস্থা আশঙ্কা জনক। তাকে প্রথমে স্থানীয় বাগআচড়া হাসপাতাল পরে যশোর ২৫০ শয্যা হসপিটাল নিয়ে যান। সেখানেও অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ডাক্তার।
এ খবর সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদারের সমর্থকদের কাছে ছড়িয়ে পড়লে। সাধারণ সম্পাদক আব্দুল হামিদের এক থেকে দুইশ কর্মীরা অগ্রভুলোট বাজারে সহ-সভাপতি সরোয়ারের কর্মি বাবলুর দলীয় অফিস, চেয়ার, টেবিলসহ সকল প্রকার আসবাবপত্র ভাঙচুর করে। পরে তার সমর্থক আবু শামা,শাহ আলম,কবির হোসেন সহ প্রায় ৫ /৬ জনের বাড়িতে গিয়ে বোমা বর্ষণ ও গুলি চালিয়ে বাড়িঘর ধ্বংস করেন। এ ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে এলাকার ২৫ থেকে ৩০ টি পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
গোগা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সরোয়ার হোসেন বলেন, দুই পক্ষের মারামারির পরে হামিদ সরদারের নেতৃত্বে দুই থেকে তিনশ দুর্বৃত্তরা রাত ১১ টার দিকে প্রথমে অগ্রভুলট বাজারে দলীয় অফিস ভাঙচুর করে। পরে ৮ থেকে ১০ টি বাড়িতে ভাঙচুর, একাধিক বোমা বিস্ফোরণ ও গুলি বর্ষণ করে ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুটপাট করে নিয়ে চলে যায়। বর্তমানে আমিসহ গ্রামের মানুষেরা আতঙ্কে জীবন যাপন করছেন।
বিষয়টি নিয়ে গোগা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হামিদ সরদার জানান,আমি কিছু জানি না। সকালে এসে শুনি আমার কর্মীরা নাকি বোমা হামলা ও ভাঙচুর করেছে। যেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে, তারাই এই ঘটনাটি ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
জানতে চাইলে নাভারণ সার্কেলের এসপি নিশাদ আল নাহিয়ান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত এই ঘটনায় থানায় মামলা হয়নি। থানায় মামলা হলে অভিযুক্ত ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।