ছেলের বউ ফেরাতে যাদুটোনার সন্দেহে নারীর সাথে এ কেমন বর্বরতা !
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: ফেলির (৪৫) স্বামী মারা গেছে দুই যুগ আগেই। যখন একমাত্র ছেলে রায়হান দু এক পায়ে ভর দিয়ে হাঁটাচলা করত। এই দুই যুগের অধিক সময় ধরে একমাত্র ছেলে রায়হান (২৫) কে নিয়েই বাবার বাড়ি ঝিকরগাছার চাপাতলা গ্রামেই মা ফেলির সংসার।
বছর দু,য়েক আগে সেই ছেলেকে বিয়ে দিয়েছিল ঝিকরগাছা পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মুকুলের মেয়ে বিপির (১৯) সাথে। বিপি রাহানের সাথে সংসার করেছিল প্রায় বছরখানেক। কিন্তু স্বামী রায়হান ভবঘুরা হওয়ায় মেয়ের মা রহিমা বিপিকে আদালত থেকে রায়হানের কাছ থেকে ডিভোর্স করান। পরবর্তীতে মেয়ের মা রহিমা বেগম উপজেলার গদখালি বেনেয়ালি ব্যারাক অফিসের পাশে হামিদের ছেলে শিমুলের সাথে বিয়ে দেন।
এরমধ্যে স্ত্রী ডিভোর্স করে চলে যাওয়ার ঘটনায় ভেঙে পড়েন রায়হান। হয়ে পড়েন নেশাগ্রস্তও। ছেলের রাহানের দাবি স্ত্রী বিপিকে না নিয়ে এসে দিলে তিনি বাঁচবেন না। ছেলের এমন কথায় মা ও একসময় ভেঙ্গে পড়েন। মা ছেলের বউকে ফিরিয়ে নিয়ে আসতে বিভিন্ন কবিরাজের দ্বারস্থ হন। কবিরাজ বিভিন্ন তাবিজ কবজ দেন। ডিভোর্স দেওয়া রাহানের স্ত্রী বিপি আশেপাশে তাবিজ কবজ পুঁতে রাখতে হবে।
চুল কেটে নেওয়ার দৃশ্যের ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন
কবিরাজের কথামতো রাহানের মা ফেলি গতকাল বিকাল চারটার দিকে রাহানের ডিভোর্স দেওয়া স্ত্রী বিপির দ্বিতীয় স্বামীর গদখালির বেনালিতে গিয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিলেন। এ সময়ে রায়হানের স্ত্রী বিপি রাহানের মা ফেলিকে দেখে চিনতে পারেন। স্বামীর বাড়ির লোকজন দিয়ে তাকে আটক করে ঘরে আটকে রাখেন। এরপর তার বাবার বাড়িতে ফোনে খবর দেন। সন্ধ্যায় বিপির চাচা ইব্রাহিমের স্ত্রী শারমিন আক্তার রুমি, বিপির মা রহিমা বেগম ও দুলাভাই শিমুল মিলে বিপির দ্বিতীয় স্বামীর বাড়িতে আসেন। আগে থেকে আটকে রাখা ফেলিকে বাইরে বের করে শত শত লোকের ভিতরে মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। যেটি এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে রাতেই ঝিকরগাছা থানা পুলিশ চারজনকে আটক করেছে।
স্থানীয় মুক্তার আলী জানান, তাবিজ কবজ করছে এমন সন্দেহে এ ধরণের বর্বরতা আসলেই মেনে নেয়া যায় না। তিনি যদি অপরাধ করে থাকে তাহলে তাকে শাস্তি দিতে পারতেন। তার জন্য আইনগত ব্যবস্থা ছিল। কিন্তু মেয়ের মা ও দ্বিতীয় স্বামীর বাড়ির লোকজন মিলে একজন নারীকে ঘরে আটকে রেখে মারধর করা ও মাথার চুল কেটে ফেলা এটা মধ্যযুগীয় বর্বরতার শামিল। এটা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। এই বর্বরতা কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনার প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী ফেলির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে আমি তাবিজ-কবজ কিছুই করতে যাইনি। আমি গতকাল বিকালে যাচ্ছিলাম বেনেয়ালি গ্রামে। বিপির সেখানে বিয়ে হয়েছে কিনা তাও আমি জানিনা। সে আমাকে চিনতে পেরে তার স্বামীর বাড়ির লোকজন দিয়ে আমাকে ঘরে আটকে বেধড়ক মারধর করেন। পরে বাবার বাড়ি ফোন দিয়ে তার মা চাচিকে ও বোনাইকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যায় শতশত লোকের ভিতরে আমাকে জোর জবরদস্তি করে ধরে চুলও কেটে দেয়। আমি এর সঠিক বিচার দাবি জানায়।
বিষয়টি নিয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতে খবর পেয়ে মেয়ের বাবার বাড়ি ও মেয়ের দ্বিতীয় স্বামীর বাড়ির দু’জন সহ চারজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আটকৃতারা বাদে আরো কেউ এ ঘটনায় জড়িত আছে কিনা সেটি অনুসন্ধান করা হচ্ছে। এই বর্বরতা পেছনে যারাই জড়িত থাক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।