যশোর এমএম কলেজে ইভটিজিং এর ঘটনায়, শিক্ষার্থীদের ওপর হামলা

নিউজটি শেয়ার লাইক দিন

যশোর প্রতিবেদক: যশোর শহরের সরকারী মাইকেল মধুসূদন কলেজে (এমএম) পিঠা উৎসবে ছাত্রী ইভটিজিং কে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ড বাঁধে।

এরপর ইভটিজিং কারীরা সংঘবদ্ধ হয়ে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এ ঘটনায় তিন সাধারণ শিক্ষার্থী আহত হন।

সোমবার (২০ই জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত পিঠা উৎসবের সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান চলাকালীন সময়ে আসাদ গেট সংলগ্ন হকার্স মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, এক ছাত্রীকে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসী স্টেডিয়াম পাড়ার বাবুল মোড়লের ছেলে সাগর ওরফে টোকাই সাগর এবং এম এম কলেজের আসাদ হলের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টিটোন তরফদারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে, সাগর ও তার সহযোগীরা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে টিটোন তরফদার, জাহিদুল ইসলাম বিল্টু এবং ছাত্রদল কর্মী রোহানের ওপর হামলা চালায়। এতে তারা তিনজন আহত হন। খবর পেয়ে যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমামসহ কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে আসেন। সাগর ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এরপর সরকারি এমএম কলেজ ক্যাম্পাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা ঘটনাস্থলে এলে সাগর ও তার সহযোগীরা পালিয়ে যায়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে যশোর কতোয়ালী মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ এবং সেনাবাহিনীর আলাদা আলাদা টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা যুবদল, ছাত্রদল, ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় আরো জানান,এম এম কলেজ এলাকার বাসিন্দা সন্ত্রাসী সাগরের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এম এম কলেজ, খড়কি, কলাবাগান এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। জেলা ছাত্রলীগের নেতা পরিচয়দানকারী ওই সাগরের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি প্রকাশ্যে এসে ফের রাজত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, শিক্ষার্থীদের উপর হামলা করা সন্ত্রাসী সাগরের বিরুদ্ধে হাজার অভিযোগ রয়েছে। তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে এবং কলেজের পরিবেশ শান্ত রাখতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *